আল-মাখা হামলায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে হুতিরা: ইয়েমেন
অনলাইন ডেস্ক
ইয়েমেনের সরকারি বাহিনীর নিয়ন্ত্রিত লোহিত সাগরের কৌশলগত আল-মাখা বন্দরে হুতি বিদ্রোহীরা ৬টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে। এই হামলায় বন্দরের বেশ কিছু অবকাঠামো ও মাছ ধরার নৌকায় আগুন ধরে যায় এবং পোর্ট সিকিউরিটির এক সদস্য নিহত ও কয়েকজন আহত হয়েছেন।
শনিবার ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের সেনাবাহিনী এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
বিবৃতিতে সামরিক মুখপাত্র কর্নেল মাজিদ আল-নুজাইলি বলেছেন, আল-মাখা বন্দরে শুক্রবারের হামলায় হুতি বিদ্রোহীরা ছয়টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে।
বিবৃতিতে তিনি আরও বলেন, এই হামলায় বন্দর নিরাপত্তার একজন কর্মকর্তা নিহত হয়েছেন এবং দুই নাবিক নিখোঁজ রয়েছেন। এতে আরও বলা হয়, হামলায় অন্তত ৮ জন বেসামরিক লোক আহত হয়েছেন।
সামরিক মুখপাত্র বলেন, খাদ্য ও পণ্য আমদানির একটি অন্যতম প্রধান কেন্দ্র এই বন্দর এবং বেসামরিক অবকাঠামোর ওপর আক্রমণ ইয়েমেনি জনগণের ওপর ‘একদম শ্বাসরুদ্ধকর অবরোধ আরোপ করার হুতি গোষ্ঠীর দৃঢ় সংকল্পকেই’ প্রকাশ করে।
হুতি বিদ্রোহীরা মূলত ইরান-সমর্থিত ইয়েমেনের একটি সশস্ত্র গোষ্ঠী। এই গোষ্ঠীটি ইয়েমেনের রাজধানী সানা এবং সৌদি আরবের কাছাকাছি পশ্চিম ও উত্তর অংশসহ ইয়েমেনের বেশিরভাগ অঞ্চল নিয়ন্ত্রণ করে থাকে।
সূত্র: আল-জাজিরা।
