আলাবার নেতৃত্বে বিশ্বকাপে অস্ট্রিয়ার দল ঘোষণা

অনলাইন ডেস্ক

আর মাত্র কয়েক দিনের অপেক্ষা। এরপরই শুরু হবে ফুটবল বিশ্বের সবচেয়ে বড় আসর। দীর্ঘ ২৮ বছর পর আবারও বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নেওয়া অস্ট্রিয়া এবার স্বপ্ন দেখছে নতুন ইতিহাস গড়ার। সেই লক্ষ্য সামনে রেখে ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছেন কোচ রালফ রাংনিক।

দলের নেতৃত্বে রয়েছেন ডেভিড আলাবা। অভিজ্ঞ এই ডিফেন্ডারের কাঁধেই তুলে দেওয়া হয়েছে অধিনায়কের দায়িত্ব। তার সঙ্গে মিডফিল্ডে থাকছেন মার্সেল সাবিতজার, আর আক্রমণভাগে দলের সবচেয়ে বড় অস্ত্র হয়ে উঠতে পারেন অভিজ্ঞ ফরোয়ার্ড মার্কো আর্নাউটোভিচ।

৩৭ বছর বয়সী আর্নাউটোভিচ দেশের ইতিহাসে সবচেয়ে বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলা ফুটবলার। বড় মঞ্চে তার অভিজ্ঞতাকেই কাজে লাগাতে চান কোচ রাংনিক। অভিজ্ঞতার সঙ্গে তারুণ্যের মিশেলে দল সাজিয়েছে অস্ট্রিয়া।

বিশেষভাবে নজর কেড়েছেন দুই তরুণ মিডফিল্ডার কার্নি চুকুউয়েমেকা ও পল ওয়ানার। অন্য দেশের হয়ে খেলার সুযোগ থাকলেও তারা অস্ট্রিয়ার জার্সিকেই বেছে নিয়েছেন এবং সরাসরি বিশ্বকাপ দলে জায়গা পেয়েছেন।

তবে দল ঘোষণার আগে দুঃসংবাদও পেয়েছে অস্ট্রিয়া। চোটের কারণে নিয়মিত দুই ডিফেন্ডার গেরনট ট্রাউনার ও ম্যাক্সিমিলিয়ান ওবার বিশ্বকাপ দলে জায়গা পাননি।

বিশ্বকাপের ‘জে’ গ্রুপে অস্ট্রিয়ার প্রতিপক্ষ আর্জেন্টিনা, আলজেরিয়া এবং জর্ডান। আগামী ১৭ জুন জর্ডানের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে তাদের বিশ্বকাপ অভিযান।

অস্ট্রিয়ার চূড়ান্ত স্কোয়াড

গোলরক্ষক: প্যাট্রিক পেন্টজ, আলেকজান্ডার শ্লেগার, ফ্লোরিয়ান উইগেল।

ডিফেন্ডার: ডেভিড আলাবা (অধিনায়ক), কেভিন ডানসো, ডেভিড অ্যাফেনগ্রুবার, মার্কো ফ্রিডল, ফিলিপ লিয়েনহার্ট, ফিলিপ মেনি, স্টেফান পোশ, আলেকজান্ডার প্রাস, মাইকেল স্বোবোদা।

মিডফিল্ডার: মার্সেল সাবিতজার, ক্রিস্টোফ বাউমগার্টনার, কার্নি চুকুউয়েমেকা, ফ্লোরিয়ান গ্রিলিচ, কনরাড লাইমার, জাভার শ্লেগার, রোমানো শ্মিড, আলেসান্দ্রো শপফ, নিকোলাস সিওয়াল্ড, পল ওয়ানার, প্যাট্রিক উইমার।

ফরোয়ার্ড: মার্কো আর্নাউটোভিচ, মাইকেল গ্রেগরিচ, সাসা কালাজদিচ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights