‘আলোকিত লালমনিরহাট’ আন্দোলন সারা দেশে ছড়িয়ে দেওয়া হবে: এমপি বাবুল

লালমনিরহাট প্রতিনিধি
লালমনিরহাট-২ (কালীগঞ্জ-আদিতমারী) আসনের সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুল বলেছেন, সামাজিক অপরাধ দমনে ‘আলোকিত লালমনিরহাট’ নামে যে আন্দোলন শুরু হয়েছে, তা সারা দেশে ছড়িয়ে দেওয়া হবে।

রবিবার (১৯ জুলাই) রাত ৮টার দিকে লালমনিরহাটের আদিতমারী উপজেলার পলাশী ইউনিয়নের দোলাপাড়ায় কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুল বলেন, আমরা তিস্তা নিয়ে আন্দোলন করেছি। আজ সেটি সফলতার দ্বারপ্রান্তে।একইভাবে সামাজিক অপরাধ দমনে ‘আলোকিত লালমনিরহাট’ নামে যে আন্দোলন শুরু হয়েছে, তা শুধু সদর উপজেলা বা লালমনিরহাটে সীমাবদ্ধ থাকবে না। ইনশাল্লাহ, এটি সারা দেশে ছড়িয়ে দেওয়া হবে।

তিনি বলেন, উপজেলা হাসপাতালে মাদকের ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে। যাতে আটক বা সন্দেহভাজন মাদকসেবীদের শনাক্ত করে আইন প্রয়োগ করা যায়। খুব দ্রুত তার নির্বাচনী এলাকার দুই হাসপাতালে ডোপ টেস্টের ব্যবস্থা করা হবে। মাদক, জুয়া ও বাল্যবিবাহের মতো সামাজিক অপরাধের ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না। এ জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।

আদিতমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গুঞ্জন বিশ্বাসের সভাপতিত্বে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য দেন লালমনিরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. শাইখুল আরেফিন, আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব সজীব, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান এবং পলাশী ইউনিয়ন বিএনপির সভাপতি হামিদুর রহমান প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights