আশুলিয়ায় অগ্নিকাণ্ডে ঢামেকে চিকিৎসাধীন আরও একজনের মৃত্যু
ঢামেক প্রতিবেদক
আশুলিয়ার জামগড়া এলাকায় তৈরি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন নুর ইসলাম (৪০) নামে এক গাড়িচালকের মৃত্যু হয়েছে। এ নিয়ে ওই ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ জনে।
মঙ্গলবার সকাল ৮টা ৪০ মিনিটে ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় নুর ইসলামের মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করে ঢামেক বার্ন ইউনিটের আবাসিক চিকিৎসক ডা. হারুন অর রশিদ জানান, নুর ইসলামের শরীরের ৯৫ শতাংশ পুড়ে গিয়েছিল।
নুর ইসলামের গ্রামের বাড়ি বাগেরহাটের মোংলা উপজেলার দিঘরাজ এলাকায়।
এর আগে ওই তৈরি পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই সাতজনের মৃত্যু হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নজরুল ইসলামের মৃত্যু হলে এ ঘটনায় মোট নিহতের সংখ্যা আটজনে দাঁড়ায়।
