আশ্রয়হারা পাখিরা বিদ্যুতের তারে
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর কলাপাড়ায় পাখির নিরাপদ আশ্রয়স্থল ছিল একটি গাছ। দুই দিন আগে গাছটির ডালপালা কেটে ফেলায় মুহূর্তেই বদলে গেছে পাখিদের সেই চিরচেনা ঠিকানা। আশ্রয় হারিয়ে হাজারো পাখি এখন ঠাঁই নিয়েছে বিদ্যুৎ সঞ্চালন লাইনের তারে। সন্ধ্যা নামলেই তারের ওপর সারি সারি পাখির দেখা মিলছে। আর সেই দৃশ্য দেখে আক্ষেপ করছেন পরিবেশকর্মীসহ অনেকেই। ঘটনাটি ঘটেছে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা বাজার থেকে তেগাছিয়া খেয়াঘাট যাওয়ার পথে সড়কের পাশে। স্থানীয়দের ভাষ্যমতে, ইব্রাহিম মেকার নামে এক ব্যবসায়ীর দোকানের সামনে এ গাছটিতে দীর্ঘদিন পাখির বসবাস ছিল। সন্ধ্যা হলেই আশপাশের বিভিন্ন এলাকা থেকে পাখি এসে গাছটিতে আশ্রয় নিত। কিচিরমিচির শব্দে মুখর হয়ে উঠত চারপাশ।
