ইংল্যান্ডের বিপক্ষে ৮৫৯ রানের ম্যাচে শ্রীলঙ্কার অবিশ্বাস্য জয়
স্পোর্টস ডেস্ক
অবিশ্বাস্য এক রান তাড়ায় ওয়ানডে ক্রিকেটে ইতিহাস গড়ল শ্রীলঙ্কা। হ্যারি ব্রুকের রেকর্ডগড়া দ্বিশতকের পরও ইংল্যান্ডের ৪২৯ রানের বিশাল সংগ্রহ টপকে ২ উইকেটের জয় তুলে নিয়েছে লঙ্কানরা। শেষ ওভারের নাটকীয়তায় এক বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় দলটি।
বৃহস্পতিবার ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে এই ঐতিহাসিক জয় পায় শ্রীলঙ্কা। জয়ের জন্য শেষ ওভারে প্রয়োজন ছিল ৮ রান। পঞ্চম বলে জশ টংকে লং-অফের ওপর দিয়ে ছক্কা হাঁকিয়ে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন জানিথ লিয়ানাগে।
এই জয়ে ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ সফল রান তাড়ার রেকর্ড গড়েছে শ্রীলঙ্কা। একই সঙ্গে ম্যাচটিতে দুই দলের মিলিয়ে রান হয়েছে ৮৫৯, যা ওয়ানডেতে এক ম্যাচে দ্বিতীয় সর্বোচ্চ দলীয় সংগ্রহের সম্মিলিত রেকর্ড।
ৃে
টসের পর ব্যাট করতে নেমে হ্যারি ব্রুকের বিধ্বংসী ব্যাটিংয়ে ৪ উইকেটে ৪২৯ রানের পাহাড় গড়ে ইংল্যান্ড। শুরুতে ধীরগতিতে খেললেও পরে আক্রমণাত্মক ব্যাটিংয়ে ম্যাচের চিত্র পাল্টে দেন ইংলিশ অধিনায়ক।
ইনিংসের শুরুর ২৪ বলে মাত্র ১৩ রান করা ব্রুক পরে মাত্র ৭৫ বলে শতক পূর্ণ করেন। এরপর আরও আগ্রাসী হয়ে মাত্র ১১৪ বলে পৌঁছে যান দ্বিশতকে। ওয়ানডে ক্রিকেটে ইংল্যান্ডের কোনো ব্যাটারের প্রথম দ্বিশতক এটি। একই সঙ্গে ওয়ানডেতে দ্রুততম দ্বিশতকের বিশ্বরেকর্ডও গড়েন তিনি।
এর আগে গত মাসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১১৭ বলে দ্বিশতক করে রেকর্ড গড়েছিলেন ভারতের শুভমান গিল। ব্রুক সেই রেকর্ড ভেঙে দেন তিন বল কম খেলেই।
ইংল্যান্ডের ৪২৯ রান ওয়ানডেতে তাদের চতুর্থ সর্বোচ্চ সংগ্রহ। বিদেশের মাটিতে টেস্ট খেলুড়ে কোনো দেশের বিপক্ষে এটিই দলটির সর্বোচ্চ ওয়ানডে স্কোর।
৪৩০ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই বিপাকে পড়ে শ্রীলঙ্কা। মাত্র ২৪ রানে ২ উইকেট হারিয়ে চাপে পড়ে দলটি। তবে সেখান থেকে দারুণভাবে ঘুরে দাঁড়ান পবন রথনায়েকে ও অবিষ্কা ফার্নান্দো।
চার নম্বরে ব্যাট করতে নেমে রথনায়েকে খেলেন ১০৬ বলে ১৩০ রানের দুর্দান্ত ইনিংস। তাঁর ব্যাট থেকে আসে ১৫টি চার ও তিনটি ছক্কা। অন্যদিকে অবিষ্কা ফার্নান্দো করেন ৯৭ রান। দাসুন শানাকার ব্যাট থেকেও আসে গুরুত্বপূর্ণ ৯৭ রান।
তিন ব্যাটারের সম্মিলিত প্রচেষ্টায় ম্যাচে ফেরে শ্রীলঙ্কা। রান তোলার গতি প্রায় পুরো ইনিংসজুড়েই ছিল আক্রমণাত্মক। শেষ পর্যন্ত লিয়ানাগের গুরুত্বপূর্ণ ছক্কায় নিশ্চিত হয় অবিশ্বাস্য জয়।
দুর্দান্ত ব্যাটিংয়ের স্বীকৃতি হিসেবে ম্যাচসেরার পুরস্কার জেতেন পবন রথনায়েকে।
ওয়ানডে ক্রিকেটের ৫৫ বছরের ইতিহাসে এটি দ্বিতীয় সর্বোচ্চ সফল রান তাড়া। এই তালিকার শীর্ষে রয়েছে দক্ষিণ আফ্রিকা। ২০০৬ সালে জোহানেসবার্গে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪৩৫ রানের লক্ষ্য পেরিয়ে জয় পেয়েছিল প্রোটিয়ারা।
এদিকে ম্যাচে দুই দলের মোট ৮৫৯ রানও ওয়ানডে ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ। এই রেকর্ডেও শীর্ষে রয়েছে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার সেই ঐতিহাসিক ম্যাচ, যেখানে দুই দল মিলে করেছিল ৮৭২ রান।
অন্যদিকে বিশাল স্কোর গড়েও হার মানতে হয়েছে ইংল্যান্ডকে। বিশেষ করে আদিল রশিদের অনুপস্থিতিতে ইংল্যান্ডের বোলিং আক্রমণ শ্রীলঙ্কার ব্যাটারদের সামনে কার্যকর প্রতিরোধ গড়তে পারেনি।
