ইইউ থেকে গাড়ি আমদানিতে শুল্ক বাড়িয়ে ২৫ শতাংশ করার ঘোষণা ট্রাম্পের

অনলাইন ডেস্ক

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে আমদানি করা গাড়ির ওপর শুল্ক বাড়িয়ে ২৫ শতাংশ করার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।আগামী সপ্তাহ থেকে শুল্ক আরোপের এই সিদ্ধান্ত কার্যকর করা হবে।

ইইউ বাণিজ্য চুক্তি মেনে চলছে না, এমন অভিযোগ তুলে গতকার শুক্রবার ট্রাম্প এই সিদ্ধান্ত জানান।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প লেখেন, “ইউরোপীয় ইউনিয়ন আমাদের মধ্যকার পুরোপুরি সম্মত হওয়া বাণিজ্য চুক্তিটি মেনে চলছে না। এই বাস্তবতার ভিত্তিতে, আগামী সপ্তাহ থেকে যুক্তরাষ্ট্রে আসা ইউরোপীয় ইউনিয়নের কার ও ট্রাকের ওপর আমি শুল্ক বাড়িয়ে দিচ্ছি।”

ট্রাম্প তার পোস্টে স্পষ্ট করে জানিয়েছেন যে, শুল্ক এড়ানোর পথ ইউরোপীয় কোম্পানিগুলোর জন্য খোলা রয়েছে।

তিনি বলেন, “এটি সম্পূর্ণভাবে সমঝোতা এবং সম্মত হওয়া বিষয় যে, তারা যদি যুক্তরাষ্ট্রের কারখানায় কার ও ট্রাক উৎপাদন করে, তবে কোনও শুল্ক দিতে হবে না।”

এর আগেও ট্রাম্প প্রশাসন ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে আমদানিকৃত গাড়ি ও ট্রাকের ওপর শুল্ক বাড়িয়ে ২৫ শতাংশ করার ঘোষণা দিয়েছিলেন।

পরে প্রেসিডেন্ট ট্রাম্প এবং ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লিয়েন বাণিজ্য চুক্তিতে একমত হন। সেই চুক্তি অনুযায়ী শুল্ক কমিয়ে ১৫ শতাংশ নির্ধারণ করা হয়েছিল, যা এখন আবার ২৫ শতাংশে ফিরে যাচ্ছে।

সূত্র: আলজাজিরা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights