ইউক্রেনে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় ৪০ জনের প্রাণহানি

অনলাইন ডেস্ক

ইউক্রেনের দক্ষিণ-পূর্বাঞ্চলের একটি ত্রাণ বিতরণ কেন্দ্রে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ৪০ জন প্রাণ হারিয়েছেন বলে দাবি করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। স্থানীয় সময় বুধবার (৪ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এ কথা জানান।

গত সোমবার ইউক্রেনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় জাপোরিঝিয়া অঞ্চলে মানবিক সহায়তা বিতরণের কাজে ব্যবহৃত একটি পুরোনো স্কুল ভবনে মস্কো নয়টি বোমা নিক্ষেপ করে।

পোস্টে জেলেনস্কি লেখেন, ত্রাণ বিতরণ কেন্দ্রে মানবিক সহায়তা নিতে আসা মানুষের ওপর প্রথমে হামলা চালায় মস্কো।এরপর তারা হামলা চালায় উদ্ধারকর্মী ও পুলিশ কর্মকর্তাদের ওপর, যারা ঘটনাস্থলে পৌঁছানোর পর লক্ষ্যবস্তু হন। তিনি আরও জানান, বুধবার বিকাল পর্যন্ত উদ্ধারকাজ চলছিল এবং ধ্বংসস্তূপের নিচে এখনো ৩০ জনেরও বেশি মানুষ আটকা পড়ে থাকতে পারেন।

এর আগে তিনি এই হামলাকে ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার শুরু করা যুদ্ধের অন্যতম প্রাণঘাতী ঘটনা বলে অভিহিত করেছিলেন। এর আগে তিনি জানিয়েছিলেন, এই হামলায় পুলিশ কর্মকর্তাসহ ৩৩ জন নিহত হয়েছেন।

এদিকে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, ওই এলাকায় তাদের হামলায় ইউক্রেনের সামরিক বাহিনীকে লক্ষ্যবস্তু করা হয়েছিল এবং এতে ইউক্রেনের ২৫ জন সামরিক সদস্য নিহত হয়েছেন। মস্কো বেসামরিক নাগরিকদের ইচ্ছাকৃতভাবে লক্ষ্যবস্তু করার কথা অস্বীকার করে আসছে।

কিয়েভ ও মস্কোর কর্মকর্তারা জানিয়েছেন, শুক্রবার রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিরা হোয়াইট হাউসে মেলানিয়া ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করবেন। এর আগে গত সপ্তাহে ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের মধ্যস্থতায় একটি অস্থায়ী যুদ্ধবিরতি কার্যকর হয়েছিল। এর আওতায় দক্ষিণ ইউক্রেনের রুশ-অধিকৃত শহর ওলেশকি থেকে বেসামরিক নাগরিকদের সরিয়ে নেওয়া এবং সেখানে মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার বিষয়টি উল্লেখ করা হয়েছিল।

ইউক্রেনীয় সংবাদমাধ্যম ‘উক্রিনফর্ম’-এর তথ্য অনুযায়ী, এই বৈঠকে ইউক্রেনের মানবাধিকার কমিশনার দিমিত্রো লুবিনেটস এবং জেলেনস্কির পার্লামেন্টারি দলের নেতা দাভিদ আরাখামিয়া উপস্থিত থাকবেন।

সূত্র: এএফপি, আলজাজিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights