ইউরোপীয় পার্লামেন্টকে খোঁচা দিয়ে যা বলল ভারত

অনলাইন ডেস্ক
ভারতের মণিপুরের জাতিগত সহিংসতা নিয়ে বৃহস্পতিবার একটি প্রস্তাব পাশ করেছে ইউরোপীয় পার্লামেন্ট। এবার তার পাল্টা জবাব দিল ভারতও। নয়াদিল্লির পক্ষ থেকে ইউরোপিয়ান পার্লামেন্টের এই ভূমিকার সমালোচনা করে বলা হয়েছে, ‘ঔপনিবেশিক মানসিকতা’ থেকে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার ফ্রান্স সফরে গিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ওই দিনই সে দেশের স্ট্রাসবুর্গে অবস্থিত এই পার্লামেন্টে মণিপুরের মানবাধিকার সঙ্কট নিয়ে আলোচনা হয়। এই মর্মে প্রস্তাবও পাস করানো হয়। প্রস্তাবে বলা হয়, “ধর্মীয় এবং জাতিগত সংখ্যালঘুদের রক্ষা করা উচিত।”

এই প্রসঙ্গে মুখ খুলে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচী বলেন, “ভারতের অভ্যন্তরীণ বিষয়ে এই ধরনের হস্তক্ষেপ গ্রহণযোগ্য নয়। ঔপনিবেশিক মানসিকতার প্রতিফলন রয়েছে পার্লামেন্টের ওই প্রস্তাবে।”
এর পাশাপাশি, ইউরোপীয় পার্লামেন্টকে কটাক্ষ করে তিনি বলেন, “তাদের নিজেদের অভ্যন্তরীণ সঙ্কট নিয়ে বেশি সময় ব্যয় করা উচিত।”

বুধবারই ভারতের পররাষ্ট্র সচিব বিনয় কাটরা এই প্রসঙ্গে মুখ খুলে মণিপুর সঙ্কটকে দেশের ‘অভ্যন্তরীণ’ বিষয় বলে অভিহিত করেন।

উল্লেখ্য, ইউরোপিয়ান ইউনিয়ন গোষ্ঠীভুক্ত দেশগুলোর নির্বাচিত সদস্যদের নিয়ে ইউরোপীয় পার্লামেন্ট গঠিত। সূত্র: টাইমস অব ইন্ডিয়া, দ্য প্রিন্ট, ইন্ডিয়া টুডে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights