ইউরোপে ‘সংক্ষিপ্ত সফর’, দুই মাসেও ফেরেননি বিশ্বের সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট
অনলাইন ডেস্ক
ক্যামেরুনের প্রেসিডেন্ট পল বিয়া, তিনি বিশ্বের সবচেয়ে বয়স্ক রাষ্ট্রপ্রধান। চলতি বছরের জুন মাসে এক ‘সংক্ষিপ্ত ব্যক্তিগত সফরে’ ইউরোপের উদ্দেশ্যে দেশ ছেড়েছিলেন ৯৩ বছর বয়সী এই প্রেসিডেন্ট। কিন্তু সেই সফর এখন দুই মাস পেরিয়ে গেলেও তার দেশে ফেরার কোনো খবর নেই। এই নেতার দীর্ঘ অনুপস্থিতি ঘিরে দেশজুড়ে তৈরি হয়েছে নানা জল্পনা-কল্পনা ও অনিশ্চয়তা।
পল বিয়া ১৯৮৪ সালে যখন ক্যামেরুনের প্রেসিডেন্ট হিসেবে প্রথম নির্বাচনে জয়লাভ করেন, তখন এনফর্মি বিমে ছিলেন ২৩ বছর বয়সী এক তরুণ ছাত্র। আজ বিমের বয়স ৬৫ বছর এবং তিনি শিক্ষকতা পেশা থেকে অবসরে গিয়েছেন। কিন্তু পল বিয়া এখনো দেশটির ক্ষমতায় আসীন। গত বছর এক বিতর্কিত নির্বাচনের মাধ্যমে তিনি অষ্টম মেয়াদে জয়ী হন, যা তাকে শতায়ু হওয়া পর্যন্ত ক্ষমতায় রাখার পথ প্রশস্ত করেছে। যদিও বিরোধীরা সেই নির্বাচনকে ‘প্রহসন’ বলে আখ্যা দিয়েছিলেন।
প্রেসিডেন্টের কার্যালয় সূত্রে জানা গেছে, গত ৭ জুন তিনি ইউরোপের উদ্দেশ্যে দেশ ছাড়েন। সরকারিভাবে একে ‘সংক্ষিপ্ত ব্যক্তিগত সফর’ বলা হলেও গত কয়েক বছরের মধ্যে এটিই তার দীর্ঘতম নিরবচ্ছিন্ন অনুপস্থিতি। সম্প্রতি ক্যামেরুন সরকারের মুখপাত্র রেনে ইমানুয়েল সাদি ফরাসি রেডিও আরএফআই-কে জানিয়েছেন, পল বিয়া সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থান করছেন। তিনি হাসপাতালে ভর্তি নন এবং সুস্থ আছেন বলে দাবি করলেও তার অবস্থান সম্পর্কে বিস্তারিত আর কিছু জানাননি তিনি।
ক্যামেরুনের রাজনীতিতে পল বিয়া এক রহস্যময় নাম। তাকে জনসমক্ষে খুব কমই দেখা যায়। দীর্ঘ সময় দেশের বাইরে থাকা বা লোকচক্ষুর অন্তরালে থাকা তার পুরনো অভ্যাস। তবে এবারের দীর্ঘ অনুপস্থিতি তার স্বাস্থ্য এবং দেশ পরিচালনার ক্ষমতা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। দীর্ঘকাল ধরে তার স্বাস্থ্য নিয়ে নানা গুজব থাকলেও সরকার সবসময়ই তা অস্বীকার করে আসছে। এমনকি ২০২৪ সালে প্রেসিডেন্টের স্বাস্থ্য নিয়ে সংবাদমাধ্যমে আলোচনা করা নিষিদ্ধ করে সরকার একে ‘জাতীয় নিরাপত্তার বিষয়’ হিসেবে ঘোষণা করে।
আফ্রিকার দেশগুলোর মধ্যে এক অদ্ভুত বৈপরীত্য লক্ষ্য করা যায়। এই মহাদেশে বিশ্বের সবচেয়ে তরুণ জনসংখ্যার বাস, অথচ অনেক দেশই শাসিত হচ্ছে প্রবীণ নেতাদের দ্বারা, যাদের রাজনৈতিক ক্যারিয়ার শুরু হয়েছিল কয়েক দশক আগে।
ক্যামেরুনের কয়েক প্রজন্মের কাছে পল বিয়াই একমাত্র প্রেসিডেন্ট যাকে তারা দেখে আসছেন। এনফর্মি বিমের সন্তানদের বড়টির বয়স ৩২ এবং ছোটটির ১৮—তাদের কাছেও রাষ্ট্রপ্রধান মানেই পল বিয়া। একই প্রজন্মের প্রতিনিধি ইয়ানডে বিশ্ববিদ্যালয়ের ২৬ বছর বয়সী ডক্টরাল ছাত্র আবিদ রিয়াসাই আচাও। তাদের চোখে পল বিয়া কেবল একজন নেতা নন, বরং কয়েক দশকের এক অপরিবর্তনীয় শাসনব্যবস্থার প্রতীক।
উল্লেখ্য, ১৯৬০ সালে স্বাধীনতার পর দেশটির দ্বিতীয় প্রেসিডেন্ট হন পল বিয়া। ১৯৮২ সালে তৎকালীন প্রেসিডেন্টের পদত্যাগের পর প্রধানমন্ত্রী থেকে ক্ষমতায় আসেন তিনি। এরপর টানা চার দশকেরও বেশি সময় ধরে দেশটির সর্বোচ্চ পদে অধিষ্ঠিত রয়েছেন। এমন প্রেক্ষাপটে তার দীর্ঘ অনুপস্থিতি ক্যামেরুনের ভবিষ্যৎ রাজনীতিতে কী প্রভাব ফেলতে পারে—সেই প্রশ্নই এখন সবচেয়ে বেশি আলোচিত।
সূত্র: সিএনএন
