ইতিহাস গড়ল মিশর
অনলাইন ডেস্ক
বিশ্বকাপের মঞ্চে ইতিহাস গড়ে বিরতিতে গিয়েছিল মিশর। আজ বেলজিয়ামের বিপক্ষে নিজেদের প্রথম জয়ের স্বপ্ন নিয়ে মাঠে নেমেছে আফ্রিকার দলটি। ম্যাচের শুরু থেকেই মোহাম্মদ সালাহদের আক্রমণাত্মক ফুটবলের সামনে অনেকটা কোণঠাসা ছিল বেলজিয়াম।
এরই ধারাবাহিকতায় ম্যাচের ১৯ মিনিটে ইমান আশুরের করা দুর্দান্ত এক গোলের সুবাদে ১-০ ব্যবধানে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করেছে মিশর। আন্তর্জাতিক ফুটবলে এটি আশুরের প্রথম গোল।
সবচেয়ে বড় চমকের জায়গাটি হলো, বিশ্বকাপ ইতিহাসের কোনো ম্যাচে এই প্রথম প্রথমার্ধে এগিয়ে থাকার কৃতিত্ব অর্জন করল মিশর।
অন্যদিকে, রোমেলু লুকাকুকে ছাড়াই মাঠে নামা বেলজিয়াম প্রথমার্ধে বলের দখল ধরে রাখলেও মিশরের সুসংগঠিত রক্ষণভাগ ভাঙতে পুরোপুরি ব্যর্থ হয়েছে। এখন দেখার বিষয়, দ্বিতীয়ার্ধে এই লিড ধরে রেখে বিশ্বকাপে নিজেদের প্রথম জয়ের ইতিহাস লিখতে পারে কি না সালাহরা।
