ইতিহাসে এই প্রথম, শেষ ষোলোতে পরপর তিন দিনে তিন স্বাগতিকের বিদায়
স্পোর্টস ডেস্ক
বিশ্বকাপের ইতিহাসে এবারই প্রথম যৌথভাবে তিনটি দেশ—কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্র মিলে আয়োজন করেছে ফুটবল মহাযজ্ঞ। দলসংখ্যা বাড়িয়ে ৪৮ করার পর এই টুর্নামেন্টকে ঘিরে স্বাগতিক দর্শকদের উন্মাদনা ছিল তুঙ্গে। তবে মাঠের ফুটবলে তিন আয়োজক দেশের জন্যই বিশ্বকাপ পরিণত হলো এক ট্র্যাজেডিতে।
ঘরের মাঠের চেনা দর্শক আর চেনা পরিবেশ কোনো সুবিধাই এনে দিতে পারল না তাদের। নকআউট পর্বের শেষ ষোলোর খেলায় একে একে তিন স্বাগতিক দেশই প্রতিপক্ষের কাছে পরাস্ত হয়ে আসর থেকে বিদায় নিয়েছে। ফুটবল বিশ্বে যা এখন ‘আয়োজকদের অভিশাপ’ নামে চর্চা হচ্ছে। বিশ্বকাপের দীর্ঘ ইতিহাসে এই প্রথম কোনো আসরের কোয়ার্টার ফাইনাল বা সেরা আটে পৌঁছানোর আগেই সব স্বাগতিক দেশ টুর্নামেন্ট থেকে ছিটকে গেল।
গ্রুপ পর্ব ও শেষ বত্রিশের বাধা টপকে গেলেও শেষ ষোলোর মঞ্চে এসে পরপর তিন দিনে তিন আয়োজকের বিদায়ঘণ্টা বাজে। এই পতনের সূত্রপাত হয় গত শনিবার, যখন শক্তিশালী মরক্কোর মুখোমুখি হয়ে ৩-০ গোলের বড় ব্যবধানে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় কানাডা। এর ঠিক পরের দিন ঘরের মাঠের বিখ্যাত অ্যাজটেকা স্টেডিয়ামে ৮০ হাজারেরও বেশি দর্শকের সামনে মাঠে নেমেছিল মেক্সিকো। পুরো টুর্নামেন্টে একটি গোলও না খাওয়া হাভিয়ের আগুয়েরের শিষ্যরা এদিন ইংল্যান্ডের বিরুদ্ধে তীব্র লড়াই করলেও শেষ রক্ষা হয়নি; ৩-২ গোলের ব্যবধানে ম্যাচটি হেরে অশ্রুসিক্ত নয়নে মাঠ ছাড়তে হয় মেক্সিকানদের, যার মাধ্যমে কিংবদন্তি গোলরক্ষক মেমো ওচোয়ার বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ারেরও ইতি ঘটল বলে ধারণা করা হচ্ছে। আর সবশেষ সোমবার রাতে বেলজিয়ামের কাছে ৪-১ গোলে বিধ্বস্ত হয় যুক্তরাষ্ট্র, যা টুর্নামেন্ট থেকে উত্তর আমেরিকার স্বাগতিকদের শেষ আশাটুকুও চিরতরে মুছে দেয়।
তিনটি দেশের এই বিদায়ের ধরনও ইতিহাসবিদদের নজর কেড়েছে। প্রতিটি ম্যাচেই স্বাগতিক দলগুলো কমপক্ষে তিনটি বা তার বেশি গোল হজম করেছে এবং প্রতিটি পরাজয়ই এসেছে ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষ দশে থাকা দলগুলোর বিপক্ষে। অতীতে উরুগুয়ে, ইতালি, ইংল্যান্ড, পশ্চিম জার্মানি, আর্জেন্টিনা ও ফ্রান্সের মতো দেশগুলো ঘরের মাঠে বিশ্বকাপ জেতার গৌরব অর্জন করেছিল। এমনকি শিরোপা না পেলেও ২০০২ সালে দক্ষিণ কোরিয়া কিংবা ২০১৮ সালে রাশিয়ার মতো স্বাগতিকরা চমক দেখিয়ে শেষ আট বা সেমিফাইনাল পর্যন্ত পা রেখেছিল। কিন্তু ২০২৬ সালের এই মেগা আসর ফুটবলপ্রেমীদের সম্পূর্ণ ভিন্ন এক নজির দেখাল, যেখানে আসরের মূল আকর্ষণীয় পর্ব শুরুর আগেই দর্শক সারিতে বসে যেতে হলো তিন আয়োজক রাষ্ট্রকে।
সূত্র: মার্কা
