ইনিংস আর লম্বা করতে পারলেন না সাকিব

অনলাইন ডেস্ক

নিজের অর্ধ শতক পূরণ করার পর ইনিংস আর লম্বা করতে পারলেন না সাকিব আল হাসান। ৫৭ বলে ৫৩ রান করে সাজঘরের পথ ধরেছেন অধিনায়ক। ফাহিম আশরাফকে উড়িয়ে মারতে গিয়ে সীমানা দড়ির কাছে ফখর জামানের তালুবন্দি হয়েছেন সাকিব।

এর আগে চলতি এশিয়া কাপে প্রথম বারের মতো অর্ধশতকের দেখা পেয়েছিলেন সাকিব আল হাসান। পাকিস্তানের বিপক্ষে চাপে পড়া ম্যাচে মুশফিকুর রহিমকে সাথে নিয়ে দলের হাল ধরেছিলেন তিনি।

তাদের হাত ধরেই মন্থর গতিতে হলেও ঘুরে দাঁড়ায় টাইগাররা। সাকিব ৫৩ বলে নিজের অর্ধশত রান পূর্ণ করেছিলেন।
এশিয়া কাপের সুপার ফোরের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়ে শুরুতেই বড়সর ধাক্কা খায় সাকিব আল হাসানের দল। ওপেনার মেহেদী হাসান মিরাজ আউট হন দলীয় রানের খাতা খোলার আগেই। তাও আবার গোল্ডেন ডাকে সাজঘরে ফেরেন মিরাজ।

তিনে নামা লিটন কুমার দাসও সুবিধা করতে পারেননি। ১৩ বলে ১৬ রানে ইনিংস খেলে সাজঘরে ফেরেন। এরপর হারিস রউফের শিকার হন আরেক ওপেনার মোহাম্মদ নাঈম শেখ। ২৫ বলে ২০ রান করেন নাঈম। আর তৌহিদ হৃদয়ও সুবিধা করতে পারেননি। ৮ বলে করেছেন ২ রান।

তবে চারে নামা সাকিব আল হাসান ছয় নম্বরে ব্যাট করতে আসা অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিমকে সাথে নিয়ে দলের হাল ধরেন। দুই অভিজ্ঞ ক্যাম্পেইনারের ব্যাটে ভর করেই শতক ছাড়ায় টিম টাইগার্স। এই জুটি ১২০ বলে ১০০ রান তোলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights