ইমনের বদলি হিসেবে লাহোর কালান্দার্সে আসালাঙ্কা

স্পোর্টস ডেস্ক

কাঁধের চোটে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) থেকে ছিটকে গেছেন বাংলাদেশের ওপেনার পারভেজ হোসেন ইমন। তার বদলি হিসেবে শ্রীলঙ্কার ব্যাটিং অলরাউন্ডার চারিথ আসালাঙ্কাকে দলে নিয়েছে লাহোর কালান্দার্স।

রবিবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে লাহোর ফ্র্যাঞ্চাইজি। এর আগে শনিবারই ইমনের ইনজুরির কারণে টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার খবর জানানো হয়।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছ থেকে ২১ এপ্রিল পর্যন্ত ছাড়পত্র পেলেও চোটের কারণে আগেভাগেই দেশে ফিরতে হয়েছে ইমনকে। গত ৩ এপ্রিল মুলতান সুলতান্সের বিপক্ষে ম্যাচে ফিল্ডিং করার সময় সতীর্থ আসিফ আলির সঙ্গে সংঘর্ষে কাঁধে আঘাত পান তিনি।

ওই ম্যাচে ব্যাট হাতে দারুণ পারফরম্যান্স দেখিয়ে ১৯ বলে ৪৫ রান করেছিলেন ইমন। তবে চোটের কারণে এরপর আর মাঠে নামা হয়নি তার। কয়েকদিন পর্যবেক্ষণের পর তাকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেয় দলটি।

লাহোর কালান্দার্স বর্তমানে পাঁচ ম্যাচে দুটি জয় নিয়ে পয়েন্ট টেবিলের ছয়ে অবস্থান করছে। দলের পরবর্তী ম্যাচ ১৭ এপ্রিল কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে, তার আগেই দলে যোগ দেওয়ার কথা আসালাঙ্কার।

এটাই হবে ২৮ বছর বয়সী এই অলরাউন্ডারের প্রথম পিএসএল অভিযান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights