ইরান যুদ্ধে টানা ৬ মাস সমুদ্রে মার্কিন রণতরী, ৮ নাবিকের আত্মহত্যার চেষ্টা

অনলাইন ডেস্ক

ইরানের বিরুদ্ধে যুদ্ধকালীন অভিযানে যুক্ত মার্কিন নৌবাহিনীর বিমানবাহী রণতরী ‘ইউএসএস আব্রাহাম লিংকন’-এ দায়িত্ব পালনের সময় আটজন নাবিক আত্মহত্যার চেষ্টা করেছেন। দীর্ঘ সময় সমুদ্রে অবস্থান, যুদ্ধকালীন চাপ এবং দেশে ফেরার অনিশ্চয়তার কারণে তাদের মধ্যে তীব্র মানসিক চাপ তৈরি হয়েছিল বলে সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।

মার্কিন ভারপ্রাপ্ত নৌসচিব হাং কাও সিনেটর কার্স্টেন গিলিব্র্যান্ডের এক প্রশ্নের জবাবে পাঠানো চিঠিতে এসব তথ্য জানান। চিঠিতে বলা হয়েছে, দীর্ঘ সময়ের ওই সামরিক অভিযানে কোনো নাবিকের মৃত্যু হয়নি। আত্মহত্যার চেষ্টা করা সদস্যদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

প্রায় ছয় থেকে সাত হাজার নাবিক নিয়ে রণতরীটির বহর ছয় মাসেরও বেশি সময় কোনো বন্দরে না থেমে টানা সমুদ্রে অবস্থান করে। নৌবাহিনীর জন্য এত দীর্ঘ সময় বন্দরবিহীন অবস্থান একটি নতুন রেকর্ড বলেও উল্লেখ করা হয়েছে।

এক মার্কিন সামরিক কর্মকর্তার ভাষ্য, সাধারণ সামরিক মোতায়েনে বছরে এ ধরনের এক বা দুটি ঘটনা দেখা গেলেও একই অভিযানে আটটি আত্মহত্যার চেষ্টা অস্বাভাবিকভাবে বেশি। দীর্ঘ সময় বন্দরে যাওয়ার সুযোগ না পাওয়া এবং দিনরাত যুদ্ধের প্রস্তুতিতে থাকার চাপকে এর অন্যতম কারণ হিসেবে দেখা হচ্ছে।

রণতরীতে দায়িত্ব পালনকারী কয়েকজন নাবিকের অভিযোগ, দীর্ঘ অভিযানের সময় খাবার পানি, শৌচাগার ও গরম পানির মতো মৌলিক সুবিধা নিয়েও নানা সমস্যার মুখে পড়তে হয়েছে। এর সঙ্গে যুক্ত হয়েছে দীর্ঘদিন দেশে ফেরার অনিশ্চয়তা। এসব পরিস্থিতি নাবিকদের মানসিক অবস্থার ওপর বাড়তি চাপ তৈরি করে বলে তারা জানিয়েছেন।

অভিযান চলাকালে কয়েকজন নাবিক সমুদ্রে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। তবে সহকর্মী ও উদ্ধারকারী দলের দ্রুত তৎপরতায় তাদের জীবিত উদ্ধার করা সম্ভব হয়। পরে তাদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে।

পরিস্থিতি মোকাবিলায় রণতরীতে ধর্মীয় পরামর্শদাতা, মনোবিজ্ঞানী ও মানসিক স্বাস্থ্যকর্মীদেরও রাখা হয়েছিল বলে জানিয়েছে নৌবাহিনী।

তবে বিষয়টি নিয়ে মার্কিন কংগ্রেসে সমালোচনা তৈরি হয়েছে। সিনেটর কার্স্টেন গিলিব্র্যান্ড ঘটনাগুলোকে সামরিক সদস্যদের প্রতি প্রশাসনের অবহেলার উদাহরণ হিসেবে উল্লেখ করে সমালোচনা করেছেন।

এর আগে, ২০২৪ সালের পেন্টাগনের তথ্য অনুযায়ী সেই বছর, নৌবাহিনীর আনুমানিক ৩৩৭,০০০ সক্রিয় নাবিকের মধ্যে ৩৫৬টি আত্মহত্যার চেষ্টার ঘটনা ঘটেছিল।

সূত্র: সিএনএন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights