ইরানকে আরও ১০ দিনের সময় দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

ইরানের জ্বালানি স্থাপনায় হামলার হুমকি থেকে সাময়িকভাবে সরে এসে দেশটিকে আরও ১০ দিন সময় দেওয়ার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বৃহস্পতিবার ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প জানান, ইরান প্রাথমিকভাবে হামলা স্থগিতের জন্য সাত দিন সময় চেয়েছিল, কিন্তু তিনি নিজ থেকেই সেই সময় বাড়িয়ে ১০ দিন করেছেন। এর ফলে ইরানের জন্য নতুন সময়সীমা নির্ধারিত হয়েছে আগামী ৬ এপ্রিল পর্যন্ত।

সাক্ষাৎকারে ট্রাম্প উল্লেখ করেন, ইরানি কর্মকর্তারা অত্যন্ত বিনয়ের সঙ্গে তার প্রতিনিধিদের মাধ্যমে আরও কিছুটা সময় দেওয়ার অনুরোধ জানিয়েছিলেন। মূলত শুক্রবার রাত থেকেই ইরানি বিদ্যুৎকেন্দ্রে হামলা শুরু করার কথা ছিল যুক্তরাষ্ট্রের।

ট্রাম্পের ভাষ্যমতে, নির্ধারিত শর্তগুলো ইরান পূরণ করতে ব্যর্থ হলে দেশটিতে ভয়াবহ বিমান হামলা চালিয়ে তাদের বিদ্যুৎ ও জ্বালানি ব্যবস্থা পুরোপুরি অচল করে দেওয়া হবে। তবে ইরান সহযোগিতা করায় এবং মার্কিন দাবির মুখে তাদের জাহাজগুলো সরিয়ে নেওয়ায় ট্রাম্প এই বাড়তি তিন দিন সময় যোগ করে মোট ১০ দিনের অবকাশ দিয়েছেন।

ট্রাম্পের এই সিদ্ধান্তে ইরানি কর্মকর্তারা কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বলেও তিনি দাবি করেন।

উল্লেখ্য, এর আগে হরমুজ প্রণালি খুলে দেওয়ার দাবিতে ইরানকে মাত্র ৪৮ ঘণ্টার সময় বেঁধে দিয়েছিলেন ট্রাম্প। পরে সেই সময়সীমা পাঁচ দিন বাড়িয়ে শুক্রবার পর্যন্ত করা হয়েছিল, যা এখন সর্বশেষ দফায় বাড়িয়ে ৬ এপ্রিলে নিয়ে যাওয়া হলো। মধ্যপ্রাচ্যে বাড়তে থাকা উত্তেজনার মধ্যে ট্রাম্পের এই বর্ধিত সময়সীমা কূটনৈতিক আলোচনার জন্য নতুন কোনো সুযোগ তৈরি করে কি না, এখন সেটিই দেখার বিষয়।

সূত্র: সিএনএন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights