ইরানি বাহিনীকে ‘পৃথিবী থেকে মুছে ফেলা হবে’, ট্রাম্পের চরম হুঁশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক

হরমুজ প্রণালি ও পারস্য উপসাগরে মার্কিন জাহাজে হামলার চেষ্টা করা হলে ইরানি বাহিনীকে ‘পৃথিবীর বুক থেকে মুছে ফেলা হবে’ বলে চরম হুঁশিয়ারি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার ফক্স নিউজকে দেওয়া এক টেলিফোন সাক্ষাৎকারে তিনি এই কড়া বার্তা দেন।

ট্রাম্প এমন একসময়ে এই হুমকি দিলেন যখন দুই দেশের মধ্যে চলমান যুদ্ধবিরতি এক কঠিন পরীক্ষার মুখে পড়েছে। ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ দাবি করেছেন যে, হরমুজ প্রণালিতে অন্য দেশের বাণিজ্যিক জাহাজে হামলার চেষ্টা করায় মার্কিন বাহিনী ইরানের সাতটি ছোট বোট (ফাস্ট বোট) ডুবিয়ে দিয়েছে। তবে এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যেও তিনি জানান যে, ইরানি আলোচকরা আগের তুলনায় এখন অনেক বেশি ‘নমনীয়’ আচরণ করছেন।

সাক্ষাৎকারে ট্রাম্প স্পষ্টভাবে দুটি পথের কথা উল্লেখ করেন। তিনি বলেন, ইরান হয় আলোচনার মাধ্যমে একটি সঠিক চুক্তিতে আসবে, অথবা পুনরায় সামরিক অভিযানের সম্মুখীন হবে। গত মাসেও তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে ইরানকে সতর্ক করে লিখেছিলেন যে, হামলা হলে একটি ‘পুরো সভ্যতা বিলুপ্ত হয়ে যাবে’।

এদিকে মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিত করতে বর্তমানে ‘প্রজেক্ট ফ্রিডম’ পরিচালনা করা হচ্ছে।

প্রেসিডেন্ট ট্রাম্পের এই নতুন হুমকির ফলে মধ্যপ্রাচ্যের উত্তেজনা আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এবং সামরিক কর্মকর্তারা মঙ্গলবার এ বিষয়ে বিস্তারিত সংবাদ সম্মেলন করবেন বলে জানা গেছে।

সূত্র: সিএনএন, টাইমস অব ইসরায়েল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights