ইরানে আবারও সামরিক অভিযানের ইঙ্গিত ট্রাম্পের
অনলাইন ডেস্ক
ইরানের বিরুদ্ধে আবারও সামরিক অভিযান চালানোর ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার ফ্লোরিডায় এক সমাবেশে তিনি বলেন, ‘আমরা হয়তো আবারও ছোটখাটো এপিক ফিউরি অভিযান চালাতে পারি।’
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, ইরান যুদ্ধ আট মাসে গড়ানোর প্রেক্ষাপটে ট্রাম্পের এ মন্তব্য সামনে এল। দীর্ঘ সংঘাতের প্রভাবে জ্বালানির দাম বেড়েছে। এর প্রভাব আগামী মধ্যবর্তী নির্বাচনে পড়তে পারে বলেও উদ্বেগ রয়েছে যুক্তরাষ্ট্রে।
ফ্লোরিডার সমাবেশে ট্রাম্প বলেন, ‘আমরা হয়তো আবারও ছোটখাটো এপিক ফিউরি অভিযান চালাতে পারি।’ তবে এ ধরনের অভিযান কখন চালানো হতে পারে কিংবা এর লক্ষ্য কী হবে, সে বিষয়ে বিস্তারিত জানাননি তিনি।
এর আগে, শুক্রবার হোয়াইট হাউসের দক্ষিণ লনে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময়ও ইরান যুদ্ধ নিয়ে মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্র চাইলে খুব দ্রুত যুদ্ধের অবসান ঘটাতে পারে। তবে সংঘাত দ্রুত শেষ করা হবে, নাকি ধীরে ধীরে এর তীব্রতা কমতে দেওয়া হবে, তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি।
হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহনের প্রসঙ্গ তুলে ট্রাম্প বলেন, ‘আমরা যা চাই, সবই পাচ্ছি।’
যদিও ইরান যুদ্ধের লক্ষ্য ও সময়সীমা নিয়ে বিভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন বক্তব্য দিয়েছেন ট্রাম্প।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, চলতি মাসের শুরুতে তিনি জানিয়েছিলেন, যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানে হামলা চালানো হবে না। ওই নির্বাচনের মধ্য দিয়ে কংগ্রেসের নিয়ন্ত্রণ নির্ধারিত হবে। তবে শুক্রবারের বক্তব্যে নতুন করে সামরিক অভিযানের সম্ভাবনার কথা বলায় তার আগের অবস্থান নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে।
এদিকে জ্বালানির মূল্যবৃদ্ধি এবং দীর্ঘস্থায়ী যুদ্ধের অর্থনৈতিক প্রভাব যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতিতেও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। মধ্যবর্তী নির্বাচনের আগে যুদ্ধ পরিস্থিতি ও জ্বালানির বাজার সরকারের জন্য বাড়তি চাপ তৈরি করতে পারে।
সূত্র: রয়টার্স
