‘ইরানে পারমাণবিক স্থাপনায় হামলার পরিণতি হতে পারে ভয়াবহ’

অনলাইন ডেস্ক

ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর ওপর ইসরায়েলের সাম্প্রতিক বিমান হামলাকে গভীরভাবে উদ্বেগজনক বলে মন্তব্য করেছেন জাতিসংঘের পারমাণবিক তদারকি সংস্থা আইএইএ-এর মহাপরিচালক রাফায়েল গ্রোসি।

তিনি বলেন, আমি বারবার বলেছি, পারমাণবিক স্থাপনাগুলোর ওপর কোনো অবস্থাতেই হামলা করা উচিত নয়—যেকোনো প্রেক্ষাপট বা পরিস্থিতিতেই- কারণ এটি মানবজীবন ও পরিবেশের জন্য মারাত্মক হুমকি হয়ে উঠতে পারে।

এক বিবৃতিতে আইএইএ বোর্ড সদস্যদের উদ্দেশে সতর্কবার্তায় তিনি একথা বলেন। রাফায়েল গ্রোসি বলেন, এই ধরনের হামলা পারমাণবিক নিরাপত্তা, সুরক্ষা এবং তদারকি ব্যবস্থার জন্য গুরুতর হুমকি সৃষ্টি করে। পাশাপাশি এটি আঞ্চলিক ও আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তাকেও ঝুঁকির মুখে ফেলে।

রাফায়েল গ্রোসি সব পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানান, যাতে পরিস্থিতি আরো খারাপ না হয়। তিনি সতর্ক করে বলেন, যেকোনো সামরিক পদক্ষেপ যা পারমাণবিক স্থাপনাগুলোর নিরাপত্তা ও সুরক্ষা বিপন্ন করে, তা ইরান, পুরো অঞ্চল এবং বৃহত্তর আন্তর্জাতিক পরিসরে ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে।

তিনি আরো বলেন, বর্তমানে যে সামরিক উত্তেজনা ও সংঘাত চলছে, তার মধ্যেও এটা স্পষ্ট যে টেকসই শান্তির একমাত্র পথ হলো ইরান, ইসরায়েল, গোটা অঞ্চল এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য- আলোচনা এবং কূটনৈতিক সমাধানকে ভিত্তি করে এগিয়ে যাওয়া।

গ্রোসি জানিয়েছেন, ইসরায়েল যখন দাবি করেছে তারা ইরানের ‘পারমাণবিক কর্মসূচির কেন্দ্রস্থলে’ আঘাত হেনেছে, তখন থেকেই তিনি ইরানে থাকা আইএইএ পরিদর্শকদের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রাখছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights