ইরানে সরকারবিরোধী বিক্ষোভের জেরে যুবকের মৃত্যুদণ্ড কার্যকর

আন্তর্জাতিক ডেস্ক
ইরানে গত জানুয়ারি মাসে অনুষ্ঠিত সরকারবিরোধী বিক্ষোভের সময় একটি সামরিক ঘাঁটিতে হামলার অভিযোগে এক যুবকের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। বৃহস্পতিবার দেশটির বিচার বিভাগের বরাত দিয়ে আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম এই তথ্য নিশ্চিত করেছে।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত ওই যুবকের নাম আমির হোসেন হাতামি। আজ সকালেই তার ফাঁসি কার্যকর করা হয়।

আদালতের নথির বরাত দিয়ে তাসনিম জানিয়েছে, আমির হোসেন হাতামি একটি সামরিক কেন্দ্রে অনুপ্রবেশের চেষ্টা করেছিলেন এবং সেখান থেকে অস্ত্র লুট করার উদ্দেশ্যে ভবনটি ধ্বংস করার পরিকল্পনা করেছিলেন। তদন্ত কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদে তিনি নিজের অপরাধ স্বীকার করেছেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো বরাবরই অভিযোগ করে আসছে যে, ইরানি কর্তৃপক্ষ অনেক ক্ষেত্রে জোরপূর্বক স্বীকারোক্তি আদায় করে থাকে।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, গত এক মাসে দেশটিতে অন্তত ৯ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। যদিও প্রকৃত সংখ্যা এর চেয়ে অনেক বেশি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। কারণ, ইরানে অধিকাংশ মৃত্যুদণ্ডের খবর জনসমক্ষে প্রকাশ করা হয় না এবং বিচার প্রক্রিয়ায় স্বচ্ছতার ব্যাপক অভাব রয়েছে। বিশেষ করে অস্থিরতা বা সংঘাতপূর্ণ সময়ে এই গোপনীয়তা আরও বেড়ে যায়।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এই সপ্তাহে এক সতর্কবার্তায় জানিয়েছিল যে, জানুয়ারির বিক্ষোভের সঙ্গে জড়িত বেশ কয়েকজন বন্দির মৃত্যুদণ্ড যেকোনো সময় কার্যকর হতে পারে। সেই তালিকায় আমির হোসেন হাতামির নামও ছিল। সংস্থাটির দাবি, এর আগে মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে চার ব্যক্তিকে অত্যন্ত গোপনে ও অন্যায়ভাবে ফাঁসি দেওয়া হয়েছে। বর্তমানে আরও কয়েক ডজন মানুষ একই ধরনের ঝুঁকিতে রয়েছেন বলে মানবাধিকার সংস্থাগুলো আশঙ্কা প্রকাশ করেছে।

সূত্র: সিএনএন, রয়টার্স

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights