ইরানের নাতাঞ্জ পরমাণু কেন্দ্রে ফের হামলা

অনলাইন ডেস্ক

ইরানের প্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র নাতাঞ্জে আবারও হামলার ঘটনা ঘটেছে। তেহরান বলেছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চালানো এই হামলায় নাতাঞ্জের শাহিদ আহমাদি রোশন সমৃদ্ধকরণ স্থাপনাকে লক্ষ্যবস্তু করা হয়েছে।

ইরানের পরমাণু শক্তি সংস্থা অ্যাটমিক এনার্জি অর্গানাইজেশন অব ইরান জানিয়েছে, নাতাঞ্জে থাকা শাহিদ আহমাদি রোশন সমৃদ্ধকরণ স্থাপনায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ‘অপরাধমূলক হামলা’ চালিয়েছে। সংস্থাটি বলেছে, শনিবারের এই হামলা নিউক্লিয়ার নন-প্রোলিফারেশন ট্রিটি এবং অন্যান্য পারমাণবিক নিরাপত্তা বিধিসহ বিভিন্ন আন্তর্জাতিক অঙ্গীকারের লঙ্ঘন।

তেহরান থেকে প্রায় ২২০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত এই পারমাণবিক স্থাপনাটি যুদ্ধের প্রথম সপ্তাহেও হামলার শিকার হয়েছিল। তখন স্যাটেলাইট ছবিতে কয়েকটি ভবনের ক্ষতির চিহ্ন দেখা গিয়েছিল। এর আগে ২০২৫ সালের জুনে ইরান ও ইসরায়েলের মধ্যে ১২ দিনের যুদ্ধে নাতাঞ্জে ইসরায়েলি বিমান হামলা চালানো হয়। পরে যুক্তরাষ্ট্রও ওই স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালায়।

এদিকে তিন সপ্তাহ ধরে চলা এই যুদ্ধ থামার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। শনিবার ভোরে ইসরায়েল জানিয়েছে, ইরান তাদের দিকে আবারও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। অন্যদিকে সৌদি আরব জানিয়েছে, দেশটির পূর্বাঞ্চলে—যেখানে বড় বড় তেল স্থাপনা রয়েছে—মাত্র কয়েক ঘণ্টার মধ্যে ২০টি ড্রোন ভূপাতিত করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights