ইরানের সঙ্গে আবার যুদ্ধ শুরু করার প্রয়োজন হতে পারে: ট্রাম্প

অনলাইন ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে আবার যুদ্ধ শুরু করার প্রয়োজন হতে পারে।

গতকাল বৃহস্পতিবার ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন তিনি।

ইরানের সঙ্গে চলমান যুদ্ধবিরতি চুক্তির পর যুক্তরাষ্ট্র আবারও যুদ্ধে জড়াবে কি না, তা তার জানা নেই (নিশ্চিত নন) বলেও মন্তব্য করেন তিনি।

ট্রাম্প বলেন, ‘ইরানের সঙ্গে আবার যুদ্ধ শুরু করার প্রয়োজন হতে পারে। এ সংক্রান্ত আলোচনার বিষয়ে আমি এবং হাতেগোনা কয়েকজন ছাড়া আর কেউ কিছু জানেন না।’

মার্কিন প্রেসিডেন্ট বলেন, ইরান একটি সমঝোতায় পৌঁছাতে আগ্রহী। তবে যুদ্ধ শেষ পর্যন্ত কবে থামবে, তা নিশ্চিত না করলেও তিনি দাবি করেন, এ সংকটের সমাধান হলেই বিশ্ববাজারে তেলের দাম কমে আসবে।

ইরান নিয়ে মন্তব্যের জেরে জার্মানি থেকে মার্কিন সেনা কমিয়ে আনার ঘোষণার মাত্র একদিন পরই ট্রাম্পের কাছে জানতে চাওয়া হয়েছিল—তিনি ইতালি ও স্পেন থেকেও সেনা সরিয়ে নেবেন কি না। জবাবে ট্রাম্প বলেন, সম্ভবত তিনি তেমনটি করবেন।

চলতি বছর যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে যাওয়া ফিফা বিশ্বকাপে ইরানের অংশগ্রহণের বিষয়েও কথা বলেন ট্রাম্প। তিনি জানান, ইরান এই বিশ্বকাপে অংশ নিলে তার কোনো আপত্তি নেই।

সূত্র: আল–জাজিরা ও মিডল ইস্ট আই

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights