আমিও একজন শিশু মুক্তিযোদ্ধা

নিজস্ব প্রতিবেদক

জামায়াতে ইসলামীর নায়েবে আমির আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, ‘আজকে রাজাকার-আলবদরের কথা বলছেন। এটা এখন ডেড ইস্যু। কেন বলছি, আজকে আমরা এখানে বসে আছি। আমরা তো কেউ রাজাকার ছিলাম না, আলবদর ছিলাম না। উই আর লিডারশিপ ইন দ্য জামায়াতে ইসলামী। যদি আপনি সেভাবে মুক্তিযোদ্ধার কথা বলেন, আমিও একজন শিশু মুক্তিযোদ্ধা।’ গতকাল জাতীয় সংসদের প্রথম অধিবেশনের সমাপনীতে এ কথা বলেন তিনি। জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, ‘আমি আজকে নতুন করে আবিষ্কার করলাম আমাদের মাননীয় সংসদ সদস্য আবদুল্লাহ মোহাম্মদ তাহের শিশু মুক্তিযোদ্ধা। তাঁকে আমি স্বাগতম জানাই। আমাদের বিরোধীদলীয় নেতা নিজেকে শহীদ পরিবারের সন্তান দাবি করেন, সেটা আমার ভালো লাগল। কয়েকজন মুক্তিযোদ্ধা ওপারে (বিরোধীদলীয় আসনে) আছেন। আজকে ইতিহাসের একটা ফয়সালা করে দেওয়ার মতো একটা বিষয় আমি মনে রেখেছি।’

এর আগে জামায়াতে ইসলামীর প্রতিষ্ঠাতা আবুল আলা মওদুদির রাজনৈতিক অবস্থান ও মুক্তিযোদ্ধা তালিকা নিয়ে চলমান বিতর্ক প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ইতিহাসের নতুন অনেক তথ্য আমাদের সামনে আসছে। আবুল আলা মওদুদি যে ১৯৪৭ সালে পাকিস্তানের পক্ষে ছিলেন, তা প্রায় ৭৫ বছর পর জানা গেল! এ নতুন ইতিহাস জানানোর জন্য আপনাদের (জামায়াতকে) ধন্যবাদ। আবার ইতিহাসের একটা নতুন জিনিস জানলাম যে জামায়াতের তাহের সাহেব শিশু মুক্তিযোদ্ধা, তাঁকেও অভিনন্দন। তবে বর্তমান প্রেক্ষাপটে মুক্তিযুদ্ধের সংজ্ঞায় প্রকৃত মুক্তিযোদ্ধা কারা, তা এখন স্পষ্ট হয়েছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights