ইসরায়েল-সংশ্লিষ্ট গ্রুপকে আটকের দাবি ইরানের

সরকারবিরোধী বিক্ষোভের মধ্যে দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর জাহেদানে ইসরায়েলের সঙ্গে যুক্ত একটি সন্ত্রাসী গোষ্ঠীর কয়েকজন সদস্যকে আটকের দাবি করেছে ইরানের নিরাপত্তা বাহিনী।

রাষ্ট্রীয় টেলিভিশনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে দাবি করা হয়, গোষ্ঠীটি ইরানের পূর্ব সীমান্ত দিয়ে প্রবেশ করেছে। তাদের কাছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের তৈরি অস্ত্র ও বিস্ফোরক ছিল। এই অস্ত্র দিয়ে তারা বিভিন্ন হত্যাকাণ্ড ও নাশকতামূলক কর্মকাণ্ড চালানোর পরিকল্পনা করেছিল।

আলাদাভাবে ইরানের সামরিক প্রধান আবদোলরহিম মুসাভি অভিযোগ করেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল হামলা চালানোর জন্য ইরানের অভ্যন্তরে সশস্ত্র গোষ্ঠী আইএসের (ইসলামিক স্টেট) সদস্যদের পাঠাচ্ছে।

ইরানের আধা সরকারি বার্তা সংস্থা তাসনিমের প্রতিবেদন অনুযায়ী, মুসাভি দাবি করেছেন, গত জুনে ইরানের বিরুদ্ধে ১২ দিনের সংঘাতে ওয়াশিংটন ও তেল আবিব ব্যর্থ হওয়ার পর তারা এই পথ বেছে নিয়েছে।

মুসাভি বলেন, ইরান তার সার্বভৌমত্ব বা ভূখণ্ডে কোনও ধরনের আঘাত সহ্য করবে না।

তবে রিপোর্ট লেখা পর্যন্ত যুক্তরাষ্ট্র কিংবা ইসরায়েল এ অভিযোগের বিষয়ে কোনও মন্তব্য করেনি। সূত্র: আল-জাজিরা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights