বাউবিতে কর্মক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার বিষয়ে প্রশিক্ষণ

গাজীপুর প্রতিনিধি

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে (বাউবি) ‘কর্মক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার’ বিষয়ক এক দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের গাজীপুর ক্যাম্পাসে আইসিটি অ্যান্ড ই-লার্নিং সেন্টারে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের নির্দেশনায় ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিওরেন্স সেল (আইকিউএসি) এ প্রশিক্ষণের আয়োজন করে।

প্রশিক্ষণে প্রধান অতিথি ও রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন বাউবির ট্রেজারার অধ্যাপক ড. আবুল হাসনাত মোহা. শামীম। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা মানুষের প্রতিদ্বন্দ্বী নয়, বরং কর্মক্ষেত্রে দক্ষতা, স্বচ্ছতা ও উৎপাদনশীলতা বাড়ানোর একটি শক্তিশালী সহায়ক।

তিনি বলেন, এআই ব্যবহারের ফলে প্রশাসন, মানবসম্পদ ব্যবস্থাপনা ও শিক্ষাখাতে সিদ্ধান্ত গ্রহণ আরও তথ্যভিত্তিক ও কার্যকর হচ্ছে।

তিনি আরও বলেন, রুটিন কাজ স্বয়ংক্রিয় হওয়ায় কর্মীরা সৃজনশীল ও কৌশলগত কাজে বেশি সময় দিতে পারছেন। তবে চাকরি, তথ্যের গোপনীয়তা ও নৈতিকতার বিষয়গুলোতে সতর্ক থাকার ওপর গুরুত্ব দেন তিনি। সঠিক নীতিমালা ও মানবিক মূল্যবোধ নিশ্চিত করা না গেলে এআই ঝুঁকির কারণ হতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইকিউএসি’র পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ জহির রায়হান। রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের আইসিটি ইউনিটের প্রধান ও আইসিটি কনসালটেন্ট মো. মুমিনুল ইসলাম। তিনি ডিজিটাল উপস্থাপনার মাধ্যমে অংশগ্রহণকারীদের হাতে-কলমে প্রশিক্ষণ দেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ মামুনুর রশিদ। বাউবির বিভিন্ন স্কুল ও বিভাগ থেকে ৩৬ জন প্রশিক্ষণার্থী এতে অংশ নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights