বিইউপি ও ববি’র মধ্যে সমঝোতা স্মারক সই

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

একাডেমিক কার্যক্রম, প্রশিক্ষণ ও গবেষণাসহ বিভিন্ন বিষয়ে পারস্পরিক সহযোগিতার লক্ষ্যে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস্ (বিইউপি) ও বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) মধ্যে সমঝোতা স্মারক সই করা হয়েছে।

আজ মঙ্গলবার বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কক্ষে সমঝোতা সই হয়। বিইউপির পক্ষে রেজিস্ট্রার ব্রিগেডিয়ার জেনারেল মো. রাব্বি আহসান এবং ববি’র পক্ষে রেজিষ্টার মো. মনিরুল ইসলাম স্ব স্ব প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।

এ সময় বিইউপির পক্ষে উপাচার্য মেজর জেনারেল মো. মাহবুব উল আলম ও বরিশাল বিশ্ববিদ্যালয়ের পক্ষে উপাচার্য অধ্যাপক ড. শুচিতা শরমিন উপস্থিত ছিলেন।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর জানিয়েছেন, একাডেমিক কার্যক্রম, প্রশিক্ষণ, গবেষণা, সাংস্কৃতিক কার্যক্রমসহ প্রশাসনিক বিভিন্ন বিষয়ে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে এ সমঝোতা স্মারকটি সই হয়েছে। এর ফলে উভয় বিশ্ববিদ্যালয়ের মধ্যে যৌথ শিক্ষা, গবেষণা ও সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনার পথ আরো সুগম হবে।

এ সময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের কলা ও মানবিক অনুষদের ডিন ড. মোহাম্মদ তানভীর কায়ছার, লোক প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক এবং সহকারী প্রক্টর মারুফা আক্তার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights