রাঙামাটিতে দুর্বৃত্তের হামলায় যুবলীগ নেতা নিহত

ফাতেমা জান্নাত মুমু, রাঙামাটি

রাঙামাটির কাপ্তাইয়ে দুর্বৃত্তের হামলায় যুবলীগের এক নেতা নিহত হয়েছে। তার নাম ওবায়েদ উল্লাহ (৪৩)। তিনি কাপ্তাই উপজেলার ২ নম্বর রাইখালী ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি।

মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেন কাপ্তাই উপজেলার রাইখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মংক্য মারমা।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সোমবার রাতে রাঙামাটি কাপ্তাই উপজেলার কারিগরপাড়া বাজার থেকে নিজের ব্যবসা-প্রতিষ্ঠানের কাজ শেষ করে বাড়ি ফিরছিলেন ওবায়েদ উল্লাহ। রাইখালী ইউনিয়নের বালুখালী এলাকায় পৌঁছালে তার গতিরোধ করে একদল দুর্বৃত্ত।

এসময় তাকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায় সশস্ত্র দুর্বৃত্তরা। পরে খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে মঙ্গলবার ভোরে তার মৃত্যু হয়।

রাঙামাটির চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ জাহান কামাল বলেন, ময়নাতদন্তের পর লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে। তবে কে বা কারা তাকে কুপিয়েছে, সে বিষয়ে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি। বিষয়টি তদন্ত করা হচ্ছে। মামলা প্রক্রিয়াধীন।

রাঙামাটির কাপ্তাই উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক তানভীর সিদ্দিকী বলেন, হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় আনা হোক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights