ঈদযাত্রা : মেঘনা টোলপ্লাজায় সোয়া ১ কোটি টাকা আদায়

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি

ঈদুল ফিতরকে কেন্দ্র করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে বেড়েছে যানবাহনের চাপ। এর ফলে মেঘনাসেতুর টোলপ্লাজায় বৃদ্ধি পেয়েছে টোল আদায়ও। গত ৮ এপ্রিল দিবাগত রাত ১২টা থেকে ৯ এপ্রিল দিবাগত রাত ১২টা পর্যন্ত অর্থাৎ সর্বশেষ ২৪ ঘণ্টায় এই সেতু দিয়ে সর্বমোট ৫৯ হাজার ২১৪টি যানবাহন পারাপার হয়েছে। এর মধ্যে ৩১ হাজার ৫২৮টি যানবাহন চট্টগ্রাম রোডে প্রবেশ করেছে আর বাকি ২৭ হাজার ৬৮৬টি যানবাহন ঢাকায় প্রবেশ করেছে। এতে মোট টোল আদায় হয়েছে ১ কোটি ১৩ লাখ ৩৪ হাজার ৫০১ টাকা।

বুধবার নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ) এর নির্বাহী প্রকৌশলী শাহানা ফেরদৌস বিথী বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে, গত দুদিন ঈদকে কেন্দ্র করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ঘরমুখো মানুষের ঢল থাকলেও আজ অনেকটাই চাপশূন্য। নেই যাত্রীর চাপও। যাত্রীর অভাবে বেশিরভাগ যানবাহন চালক অলস সময় পার করছেন।
আজ সকাল থেকে এই পথে যানবাহনের ক্রমাগত উপস্থিতি থাকলেও নেই কোনো জট কিংবা গাড়ির সারি। এতে অনেকটাই ভোগান্তিহীন স্বস্তি নিয়ে বাড়ি ফিরছে মানুষ।

মেঘনাঘাট টোলপ্লাজায় সরেজমিনে গিয়ে দেখা যায়, টোলপ্লাজার ১২টি বুথ দিয়ে গণপরিবহন ও পণ্যবাহী ট্রাকসহ বিভিন্ন ব্যক্তিগত যানবাহন পাড়ি দিচ্ছে মেঘনা সেতু। টোলপ্লাজায় আসা মোটরসাইকেল পর্যায়ক্রমে সারিবদ্ধভাবে টোল প্রদান করে সেতুতে উঠছেন। গাড়ির চাপ কম থাকায় টোল প্রদানে খুব একটা অপেক্ষা করতে হচ্ছে না কাউকে।

টোল আদায়ের বিষয়ে নির্বাহী প্রকৌশলী শাহানা ফেরদৌস বিথী বলেন, গত কয়েকদিনের তুলনায় গত ২৪ ঘণ্টায় বেশি টোল আদায় হয়েছে। তবে যানবাহনের সংখ্যা অনুযায়ী তা কমই বলা যায়। কেননা অন্যান্য সময় মালবাহী পরিবহন বেশি থাকায় যানবাহনের সংখ্যা অনুযায়ী বেশি টোল আদায় হয়। কিন্তু ঈদে ছোট ও মাঝারি যানবাহনের সংখ্যাই বেশি হওয়ায় যানবাহনের সংখ্যা চেয়ে টোল আদায়ের পরিমাণ কমই।

তিনি আরও বলেন, গত ২৪ ঘণ্টায় ১ কোটি ১৩ লাখ ৩৪ হাজার ৫০১ টাকা আদায় করা হয়। এর আগে সোমবার এই সেতু দিয়ে ৪৭ হাজার ৯১৪টি যানবাহন পারাপার হয়। এতে মোট টোল আদায় হয় ১ কোটি ৩ লাখ টাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights