ঈদের ছুটিতে দেশে চিকিৎসাসেবা ভালোভাবে চলেছে: স্বাস্থ্যমন্ত্রী

অনলাইন ডেস্ক
ঈদের ছুটিতে দেশে চিকিৎসাসেবা ভালোভাবে চলেছে জানিয়ে এ নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেছেন, ঈদের ছুটিতে আমি প্রতিদিনই হাসপাতাল পরিদর্শনে গিয়েছি। আমি প্রতিটা হাসপাতালে ডাক্তার নার্সদের পেয়েছি। সিনিয়র কনসালটেন্টদেরও পেয়েছি। আমি মনে করি, এই ঈদ এবং নববর্ষের বিশাল ছুটিতে সমগ্র বাংলাদেশের চিকিৎসাসেবায় কোনো অসুবিধা হয়নি। হাসপাতালের কার্যক্রমও ভালোভাবে চলেছে।

সোমবার সকালে স্বাস্থ্যমন্ত্রী দীর্ঘ ঈদ ছুটি শেষে প্রথম কর্মদিবসে সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি একথা বলেন।
সচিবালয়ের সভাকক্ষে শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত ছিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. রোকেয়া সুলতানা, স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. জাহাঙ্গীর আলম এবং স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব মো. আজিজুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তা।

মন্ত্রী আরও বলেন, মন্ত্রী হওয়ার আগেও আমি হাসপাতাল পরিদর্শন করেছি। এমন কোন ঈদ নেই যেদিন আমি হাসপাতালে যাইনি। এমন কোন দুর্গাপূজা নেই যেদিন আমি হাসপাতালে যাইনি। আমি আগে হাসপাতালে যেতাম, হাসপাতাল থেকে আমি উৎসবে যেতাম। এই চিন্তা থেকেই আমি এবারও ঈদ ছুটিতে হাসপাতাল পরিদর্শনে গিয়েছি। যাতে কর্তব্যরত ডাক্তার নার্সরা আমাকে দেখে উৎসাহ পান। সেবা নিতে আসা রোগীরা চিকিৎসা পান।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. রোকেয়া সুলতানা বলেন, ঈদের এই দীর্ঘ ছুটিতে আমরা চেষ্টা করেছি শুধু ঢাকা শহরে নয়, প্রতিটা প্রান্তিক জনগণ যেন চিকিৎসা সেবা পান। আমরা প্রতিটা হাসপাতালের পরিচালকদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রেখেছি। সেজন্য কোথাও থেকে কোন অভিযোগ আসেনি। আমি মনে করি, এই ছুটিতে প্রান্তিক মানুষও সঠিক স্বাস্থ্যসেবা পেয়েছেন।

সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে চিকিৎসারত সাবেক সিভিল সার্জন ডা. দীন মোহাম্মদসহ প্রতিষ্ঠানটিতে চিকিৎসা নিতে আসা বিভিন্ন রোগীদের চিকিৎসা সেবা পরিদর্শন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights