উখিয়ায় ৭০ হাজার পিস ইয়াবাসহ আটক ২

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের উখিয়ায় সীমান্তে অভিযান চালিয়ে ৭০ হাজার পিস ইয়াবাসহ দুই ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত ২টার দিকে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর অধীন উনচিপ্রাং বিওপির একটি বিশেষ টহল দল এ অভিযান চালায়।

আটক ব্যক্তিরা হলেন টেকনাফ থানার উনচিপ্রাং গ্রামের মৃত অছির রহমানের ছেলে অলি হোসেন (৩৭) এবং কুতুবদিয়া গ্রামের নুরুল আহম্মেদের ছেলে মো. মানিক (২২)।

বিজিবি সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে উনচিপ্রাং বিওপির বিশেষ টহল দল বাংলাদেশের অভ্যন্তরে রমজানের ঘের এলাকায় অবস্থান নেয়। রাত আনুমানিক আড়াইটার দিকে মিয়ানমার থেকে দুই ব্যক্তিকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখে তাঁদের চ্যালেঞ্জ করেন বিজিবি সদস্যরা। এ সময় তাঁরা পালানোর চেষ্টা করলে ধাওয়া করে দুজনকে আটক করা হয়।

পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে একটি পোটলার ভেতরে খাকি রঙের প্যাকেটে রাখা নীল রঙের বায়ুরোধী প্যাকেট থেকে ৭০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

বিজিবি জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিদের একজন উদ্ধার করা ইয়াবা মিয়ানমারের সীমান্ত এলাকা থেকে কিনে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে বহন করার কথা স্বীকার করেছেন।

উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর অধিনায়ক জানান, মাদক সরবরাহকারী ও চোরাচালানের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। সীমান্ত দিয়ে মাদক ও অন্যান্য পণ্যের চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights