উত্তর কোরিয়া পরমাণু অস্ত্র উৎপাদনের সক্ষমতা ‘উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি’ করছে

উত্তর কোরিয়া পরমাণু অস্ত্র উৎপাদনের সক্ষমতা ‘উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি’ করছে বলে জানিয়েছেন জাতিসংঘের পারমাণবিক তদারকি সংস্থার প্রধান রাফায়েল গ্রোসি।

বুধবার সিউল সফরকালে এ কথা বলেন রাফায়েল গ্রোসি।

উত্তর কোরিয়া একাধিক ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থাপনা পরিচালনা করছে বলে ধারণা করা হচ্ছে, যা পারমাণবিক ওয়ারহেড তৈরির গুরুত্বপূর্ণ ধাপ। এর মধ্যে রয়েছে ইয়ংবিয়ন পারমাণবিক কেন্দ্র, যা আলোচনার পর বন্ধ ঘোষণা করা হলেও ২০২১ সালে আবার চালু করা হয়।

গ্রোসি বলেন, ‘আমাদের নিয়মিত মূল্যায়নে আমরা ইয়ংবিয়ন রিঅ্যাক্টরের কার্যক্রম দ্রুত বাড়তে দেখেছি।’

তিনি জানান, পুনঃপ্রক্রিয়াজাতকরণ ইউনিট ও লাইট-ওয়াটার রিঅ্যাক্টরের কার্যক্রমও বেড়েছে, পাশাপাশি নতুন স্থাপনাও সক্রিয় হয়েছে।

তার ভাষায়, ‘এসবই উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্র উৎপাদন সক্ষমতায় গুরুতর বৃদ্ধি নির্দেশ করে, যা কয়েক ডজন ওয়ারহেড পর্যন্ত হতে পারে।’

উত্তর কোরিয়া ২০০৬ সালে প্রথম পারমাণবিক পরীক্ষা চালায় এবং নিষিদ্ধ অস্ত্র কর্মসূচির কারণে জাতিসংঘের কঠোর নিষেধাজ্ঞার মুখে রয়েছে।

দেশটি ঘোষণা করেছে, তারা কখনোই তাদের পারমাণবিক অস্ত্র ত্যাগ করবে না এবং ২০০৯ সাল থেকে আন্তর্জাতিক পরিদর্শকদের প্রবেশাধিকার বন্ধ করে দিয়েছে।

গ্রোসি আরও জানান, ইয়ংবিয়নের মতো একটি নতুন স্থাপনা নির্মাণের প্রমাণও পাওয়া গেছে। তবে সরাসরি পরিদর্শন ছাড়া উৎপাদন বৃদ্ধির পরিমাণ নির্ধারণ করা কঠিন।

তিনি বলেন, ‘স্থাপনার বাহ্যিক বৈশিষ্ট্য দেখে আমরা মনে করি, সমৃদ্ধকরণ সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়বে।’

যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা সংস্থা সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ জানিয়েছে, স্যাটেলাইট চিত্রে দেখা গেছে ইয়ংবিয়নে একটি নতুন ভবন নির্মাণ সম্পন্ন হয়েছে, যা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্ল্যান্ট হতে পারে।

সূত্র : এএফপি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights