উন্নয়ন ও সু-শাসনের প্রশ্নে কোনো আপোস করা হবে না: প্রতিমন্ত্রী পুতুল
অনলাইন প্রতিবেদক
সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমীন পুতুল বলেছেন, উন্নয়ন ও সু-শাসনের প্রশ্নে কোনো আপোস করা হবে না, বাংলাদেশে আপনাদের কেউ সংখ্যালঘু বলতে পারবে না, এমন বাংলাদেশ আমরা চাই। প্রধানমন্ত্রী তারেক রহমানও এমন বাংলাদেশ দেখতে চান।
বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টার দিকে নাটোরের লালপুর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলার ৪৬টি দুর্গাপূজামণ্ডপের অনুকূলে জিআর চালের ডিও বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ এমন একটি দেশ হবে, যেখানে ধর্মীয় পরিচয়ের কারণে কেউ নিজেকে সংখ্যালঘু মনে করবেন না। সব ধর্মের মানুষ সমান অধিকার ও মর্যাদা নিয়ে বসবাস করবেন- এমন বাংলাদেশই প্রত্যাশিত।
পূজামণ্ডপের প্রতিনিধিদের মধ্যে জিআর চালের ডিও বিতরণ শেষে কাতার চ্যারিটির অনুদানে অসহায় ও দরিদ্র মানুষের জীবনযাত্রার মানোন্নয়নে সহায়ক উপকরণ বিতরণ করা হয়। এ সময় আটটি করে মোট ২৪টি উপকরণ হিসেবে সিএনজি, অটোরিকশা ও কাঁসার মেশিন বিতরণ করা হয়। এসব উপকরণ পেয়ে উপকারভোগীরা কর্মসংস্থান ও আয়ের সুযোগ পাবেন বলে আশা করা হচ্ছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মো. মিশকাতুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) আবীর হোসেন, লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও সাবেক উপজেলা চেয়ারম্যান হারুনার রশিদ পাপ্পুসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা।
অনুষ্ঠানে দুর্গাপূজা উপলক্ষে সরকারি সহায়তা বিতরণের পাশাপাশি অসহায় মানুষের আর্থসামাজিক উন্নয়নে বিভিন্ন উপকরণ তুলে দেওয়া হয়।
