উপসাগরীয় দেশগুলো নিজেদের নিরাপত্তা নিজেরাই সামলাক : সাবেক মার্কিন জেনারেল

অনলাইন ডেস্ক

হরমুজ প্রণালি ঘিরে তীব্র উত্তেজনার মধ্যে ইরান প্রশ্নে যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে ভিন্ন ভিন্ন বার্তা সামনে আসছে। একদিকে, ওয়াশিংটনের সাবেক এক শীর্ষ সামরিক কর্মকর্তা উপসাগরীয় অঞ্চল থেকে যুক্তরাষ্ট্রের সরে যাওয়ার পক্ষে মত দিয়েছেন। অন্যদিকে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে সরাসরি ধ্বংসের হুমকি দিয়েছেন, যদি তারা (তেহরান) হরমুজে মার্কিন জাহাজে হামলা চালায়।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের সাবেক সহকারী সচিব এবং অবসরপ্রাপ্ত জেনারেল মার্ক কিমিট আল-জাজিরাকে বলেন, যুক্তরাষ্ট্রের উচিত পারস্য উপসাগরীয় অঞ্চল ছেড়ে দেওয়া এবং উপসাগরীয় দেশগুলোকে ইরানের মোকাবিলা নিজেদেরই করতে দেওয়া। তার ভাষায়, এটা আমার করের টাকা। একজন মার্কিন নাগরিক হিসেবে আমার পকেট থেকে অর্থ যায় এই অঞ্চলের প্রতিরক্ষায়।

তিনি বলেন, যুক্তরাষ্ট্র সরে দাঁড়ালে বিপুল অর্থ সাশ্রয় করা সম্ভব। কিমিট আরও মত দেন, যুক্তরাষ্ট্র ইসরায়েলের নিরাপত্তা ইসরায়েলেই নিশ্চিত করতে পারে, কিন্তু উপসাগরীয় দেশগুলো নিজেদের প্রতিরক্ষা নিজেরাই সামলাক।

তবে একই সময়ে একেবারে ভিন্ন সুরে কথা বলছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি হুঁশিয়ারি দেন, হরমুজ প্রণালিতে ‘প্রজেক্ট ফ্রিডম’-এর আওতায় থাকা মার্কিন জাহাজে ইরান হামলা চালালে দেশটিকে ‘পৃথিবীর মানচিত্র থেকে উড়িয়ে দেওয়া হবে’। ট্রাম্প দাবি করেন, শান্তি আলোচনায় ইরান আগের চেয়ে ‘অনেক বেশি নমনীয়’ হয়েছে, তবে যুক্তরাষ্ট্রের সামরিক প্রস্তুতি থেমে নেই।

ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের কাছে এখন আগের যেকোনো সময়ের চেয়ে উন্নত অস্ত্র ও গোলাবারুদ রয়েছে। বিশ্বজুড়ে মার্কিন সামরিক ঘাঁটিগুলো সম্পূর্ণ প্রস্তুত এবং প্রয়োজনে তা ব্যবহার করা হবে। বিশ্লেষকদের মতে, এই বিপরীতমুখী অবস্থান মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ কৌশল নিয়ে বড় প্রশ্ন তুলে দিচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights