এইচএসসি ঘিরে যান চলাচল নিয়ন্ত্রণে ডিএমপির নির্দেশনা

অনলাইন ডেস্ক
কাল বৃহস্পতিবার (২৬ জুন) সকাল ১০টা থেকে ২০২৫ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে। এ উপলক্ষে রাজধানী ঢাকায় যান চলাচল নিয়ন্ত্রণে একগুচ্ছ নির্দেশনা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

মঙ্গলবার (২৪ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডিএমপি জানায়, এবার ঢাকা শহরের ৮৭টি কেন্দ্রে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার্থীদের নির্বিঘ্নে কেন্দ্রে পৌঁছাতে এবং যানজট এড়াতে কিছু সতর্কতা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

ডিএমপির নির্দেশনায় বলা হয়, যেসব পরীক্ষার্থী ব্যক্তিগত যানবাহনে কেন্দ্রে আসবেন, তারা যেন পরীক্ষাকেন্দ্রের সামনে নামার পরিবর্তে কাছাকাছি কম ব্যস্ত স্থানে নেমে হেঁটে কেন্দ্রে প্রবেশ করেন। একইভাবে পরীক্ষা শেষে কেন্দ্রে ভিড় এড়াতে হেঁটে কিছুটা দূরে গিয়ে গাড়িতে উঠতে বলা হয়েছে।

এছাড়া পরীক্ষাকেন্দ্রের আশপাশে কোনো যানবাহন পার্কিং না করার নির্দেশ দেওয়া হয়েছে। কেউ এ নির্দেশনা অমান্য করলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছে ডিএমপি।

অভিভাবকদের উদ্দেশ্যে ডিএমপি জানায়, তারা যেন পরীক্ষাকেন্দ্রের আশপাশের সড়কে অবস্থান না করেন। কারণ, রাস্তায় দাঁড়িয়ে যান চলাচলে বিঘ্ন ঘটানো সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী অর্থদণ্ডযোগ্য অপরাধ।

পরীক্ষার্থীদের যাতায়াতে সহযোগিতা করতে পরীক্ষার শুরু এক ঘণ্টা আগে থেকে এবং পরীক্ষা শেষের এক ঘণ্টা পর পর্যন্ত পরীক্ষাকেন্দ্র সংলগ্ন সড়কগুলো জরুরি প্রয়োজন ছাড়া অন্য যাত্রীদের পরিহারের অনুরোধ জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights