সৌদি আরবের অবকাঠামো নির্মাণে বাংলাদেশের অংশগ্রহণ চান এলজিআরডি মন্ত্রী
অনলাইন ডেস্ক
সৌদি আরবের উন্নয়ন প্রকল্প, অবকাঠামো নির্মাণ ও গুরুত্বপূর্ণ বিভিন্ন খাতে বাংলাদেশের অংশগ্রহণের সুযোগ তৈরির বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান। একইসঙ্গে ‘সৌদি ভিশন ২০৩০’, ওয়ার্ল্ড এক্সপো ২০৩০ এবং ফিফা বিশ্বকাপ ২০৩৪ সামনে রেখে দেশটির বিভিন্ন উন্নয়নমূলক ও উৎপাদনশীল কর্মকাণ্ডে বাংলাদেশের অংশগ্রহণের সুযোগ তৈরি হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
বুধবার (২৩ সেপ্টেম্বর) সৌদি আরব-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এসএবিসিসিআই) সভাপতি আশরাফুল হক চৌধুরীর সঙ্গে বৈঠকে মন্ত্রী এসব কথা বলেন।
বৈঠকে এসএবিসিসিআই সভাপতি মন্ত্রীকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণ করায় চেম্বারের সদস্য ও পরিচালনা পর্ষদের পক্ষ থেকে অভিনন্দন জানান। তিনি মন্ত্রীর সাফল্য, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।
বৈঠকে জানানো হয়, আগামী মাসে সৌদি আরবের রিয়াদ, দাম্মাম, জেদ্দা, মক্কা ও মদিনায় ‘বাংলাদেশ ট্রেড প্রমোশন মিশন অ্যান্ড প্রোডাক্ট ক্যাটালগ শো’ আয়োজন করবে এসএবিসিসিআই। এ আয়োজনে সৌদি আরবের বিভিন্ন চেম্বার অব কমার্সের প্রতিনিধি ও বিশিষ্ট ব্যবসায়ীদের সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময় করা হবে। এতে বাংলাদেশের ১০টি গুরুত্বপূর্ণ খাতের পণ্য ও সেবা প্রদর্শন ও প্রচার করা হবে।
এর মাধ্যমে সৌদি বাজারে বাংলাদেশি পণ্য ও সেবার প্রচার বাড়ানোর পাশাপাশি দুই দেশের মধ্যে বাণিজ্যিক ও অর্থনৈতিক সহযোগিতা আরও সম্প্রসারিত হবে বলে আশা করা হচ্ছে।
বৈঠকে মন্ত্রী এসএবিসিসিআইয়ের এ উদ্যোগের সফলতা কামনা করেন এবং এতে চেম্বারের সদস্যদের সক্রিয় অংশগ্রহণের ওপর গুরুত্ব দেন।
