এইচএসসির প্রশ্নফাঁস ঠেকাতে আজ থেকে দেড়মাস বন্ধ কোচিং সেন্টার

অনলাইন ডেস্ক

আগামী ১৭ আগস্ট থেকে দেশের আট শিক্ষা বোর্ডে শুরু হবে এইচএসসি পরীক্ষা। এ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস ও এ সংক্রান্ত গুজব ঠেকাতে প্রায় দেড়মাস দেশের সব কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার।

নির্দেশনা অনুযায়ী, ১৪ আগস্ট থেকে আগামী ২৫ সেপ্টেম্বর পর্যন্ত সারাদেশে সব ধরনের কোচিং সেন্টার পুরোপুরি বন্ধ থাকবে।

এইচএসসি ও সমমান পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্নের লক্ষ্যে গত ৮ আগস্ট আইনশৃঙ্খলা কমিটির বৈঠক হয়। বৈঠক শেষে সংবাদ সম্মেলন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এই সিদ্ধান্তের কথা জানান।
এদিকে, কোচিং সেন্টার বন্ধের নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়নে শিক্ষা মন্ত্রণালয়, মাউশি, সব শিক্ষা বোর্ড, জেলা, উপজেলা, পৌরসভা পর্যায়ে সব প্রশাসনিক পদে দায়িত্বরতদের নির্দেশনা দেওয়া হয়েছে। নিষেধাজ্ঞা অমান্য করে কেউ কোচিং খোলা রাখলে অভিযান চালিয়ে জেল-জরিমানাসহ সিলগালা করা হতে পারে বলে জানা গেছে।

এ বছর দেশের ৯টি সাধারণ এবং মাদরাসা ও কারিগরি বোর্ড মিলিয়ে মোট ১৩ লাখ ৫৯ হাজার ৩৪২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেবে।

তবে বন্যার কারণে সাধারণ শিক্ষা বোর্ডের মধ্যে চট্টগ্রাম এবং মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষা ২৭ আগস্ট থেকে শুরু হবে। যে চার বিষয়ের পরীক্ষা পিছিয়ে দেওয়া হয়েছে, সেসব পরীক্ষার তারিখ পুনর্নির্ধারণ করে নতুন সময়সূচিও প্রকাশ করেছে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights