এক মাসেই বিলিয়ন ডলার আয়, বক্স অফিসে রাজত্ব করছে ‘টয় স্টোরি ৫’

অনলাইন ডেস্ক

ডিজনি ও পিক্সারের জনপ্রিয় অ্যানিমেশন ফ্র্যাঞ্চাইজি ‘টয় স্টোরি’ আবারও প্রমাণ করল, দর্শকদের আগ্রহে এতটুকু ভাটা পড়েনি। মুক্তির মাত্র এক মাসের মধ্যেই ‘টয় স্টোরি ৫’ বিশ্বব্যাপী বক্স অফিস থেকে ১ বিলিয়ন ডলারের বেশি আয় করে চলতি বছরের সর্বোচ্চ আয়কারী সিনেমার তালিকায় শীর্ষে উঠে এসেছে।

গত ১৯ জুন বিশ্বজুড়ে মুক্তি পায় অ্যান্ড্রু স্ট্যান্টন পরিচালিত ‘টয় স্টোরি ৫’। মুক্তির এক মাস পূর্ণ হওয়ার আগেই ছবিটির বৈশ্বিক আয় পৌঁছে যায় ১০২ কোটি ২০ লাখ ডলারে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১২ হাজার ৩১৩ কোটি টাকার বেশি। এর মধ্যে, শুধু যুক্তরাষ্ট্র ও কানাডার বক্স অফিস থেকেই এসেছে ৪৪ কোটি ৮০ লাখ ডলার। আর আন্তর্জাতিক বাজার থেকে ছবিটি আয় করেছে আরও ৫৭ কোটি ৩০ লাখ ডলার।

এই সাফল্যের মাধ্যমে চলতি বছরে সবচেয়ে বেশি আয় করা সিনেমার রেকর্ড গড়েছে ‘টয় স্টোরি ৫’। এ বছর আরও দুটি সিনেমা ১ বিলিয়ন ডলারের ক্লাবে জায়গা করে নিয়েছে। সেগুলো হলো ‘দ্য সুপার মারিও গ্যালাক্সি মুভি’ এবং ‘মাইকেল’। দুটি ছবিরই আয় ১০০ কোটি ১০ লাখ ডলার।

অন্যদিকে, বিশ্লেষকদের নজরে রয়েছে ক্রিস্টোফার নোলানের ‘দ্য ওডিসি’। মুক্তির মাত্র দুই সপ্তাহে ছবিটি প্রায় ৬৪ কোটি ডলার আয় করেছে। ফলে শিগগিরই এটিও বিলিয়ন ডলারের ক্লাবে নাম লেখাতে পারে বলে ধারণা করা হচ্ছে।

বক্স অফিস বিশ্লেষকরা মনে করছেন- ‘টয় স্টোরি’ সিরিজের ইতিহাসেও নতুন রেকর্ড গড়ার পথে রয়েছে পঞ্চম কিস্তি। বর্তমানে ফ্র্যাঞ্চাইজিটির সর্বোচ্চ আয়কারী সিনেমা ২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘টয় স্টোরি ৪’, যার আয় ছিল ১০৭ কোটি ডলার। আর ২০১০ সালে মুক্তি পাওয়া ‘টয় স্টোরি ৩’ আয় করেছিল ১০৬ কোটি ডলার। বর্তমান গতিধারা অব্যাহত থাকলে এই দুটি ছবির আয়ও ছাড়িয়ে যাবে ‘টয় স্টোরি ৫’-এমনটাই ।

প্রায় ২৫ কোটি ডলার ব্যয়ে নির্মিত এই অ্যানিমেশন ছবিতে বিভিন্ন চরিত্রে কণ্ঠ দিয়েছেন টম হ্যাঙ্কস, টিম অ্যালেন, জোয়ান কুস্যাক, কোনান ও’ব্রায়েন এবং স্কারলেট স্পিয়ার্সসহ আরও অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights