এক সপ্তাহেই ইরানে ৪৬১ ভূমিকম্প, মাটির গভীরে কি হচ্ছে?

অনলাইন ডেস্ক
ইরানে এক সপ্তাহের ৪৬১ বার ভূমিকম্প অনুভূত হয়েছে। ফলে দেশটির বাসিন্দাদের অনেকেই আতঙ্কে দিন কাটাচ্ছেন। তেহরান বিশ্ববিদ্যালয়ের ভূ-পদার্থবিজ্ঞান ইনস্টিটিউটের সিসমোলজিক্যাল নেটওয়ার্কের তথ্য অনুযায়ী, গত ৩১ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত এই বিপুল সংখ্যক কম্পন রেকর্ড করা হয়।

এই ভূ-কম্পনগুলোর মধ্যে ১১৬টি ছিল রিখটার স্কেলে ৩ মাত্রার নিচে এবং ২৬টি ছিল ৩ থেকে ৪ মাত্রার মধ্যে। এছাড়া ৪ থেকে ৫ মাত্রার তিনটি এবং ৫ থেকে ৬ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে।

সবচেয়ে বেশি কম্পন অনুভূত হয়েছে বুশেহর প্রদেশে যেখানে মোট ২৬টি ভূমিকম্প রেকর্ড করা হয়েছে। এরপরই রয়েছে ইয়াজদ ও কেরমান প্রদেশ। উল্লেখযোগ্য যে গত ১ ফেব্রুয়ারি বুশেহর প্রদেশে ৫.২ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে যা স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে দেয়। একই সময়ে রাজধানী তেহরানেও চারটি কম্পন অনুভূত হয়েছে। তবে আরদাবিল, আলবোরজ ও জানজানসহ বেশ কিছু প্রদেশে কোনো ভূমিকম্পের খবর পাওয়া যায়নি।

ভৌগোলিক অবস্থানের কারণে ইরান বিশ্বের অন্যতম সক্রিয় সিসমিক জোনে অবস্থিত। পরিসংখ্যানে দেখা গেছে বিশ্বের মোট ভূমিকম্পের মাত্র দুই শতাংশ ইরানে হলেও গত শতাব্দীতে ভূমিকম্পে প্রাণ হারানো মানুষের ৬ শতাংশই ছিলেন এই দেশের নাগরিক। গত এক বছরে ইরানে ছয় হাজার দুইশর বেশি ভূমিকম্প রেকর্ড করা হয়েছে যার মধ্যে ১৫০টির মাত্রা ছিল ৪-এর উপরে।

সূত্র: তেহরান টাইমস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights