এক হারেই বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার শঙ্কায় ভারত
টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট পর্বে প্রথম ম্যাচেই বড় ধাক্কা খেয়েছে ভারত। গতকাল আহমেদাবাদে দক্ষিণ আফ্রিকার কাছে ৭৬ রানে হেরে বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার শঙ্কায় পড়েছে দলটি।
এই হারের ফলে ভারতের নেট রান রেট (-৩.৮০০) এতটাই নিচে নেমে গেছে যে, সেমিফাইনালে যেতে হলে এখন পরের দুটি ম্যাচে কেবল জয় নয়, বরং বড় ব্যবধানে জয়ের কঠিন সমীকরণের সামনে দাঁড়িয়ে ভারত।
দলটির সহকারী কোচ রায়ান টেন ডেসকাট দলের পারফরম্যান্সে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন।
তিনি বলেন, আমরা অনেক বড় মাপের ভুল করে ফেলেছি। কেউ এসে আপনাকে সেমিফাইনালের টিকিট হাতে ধরিয়ে দেবে না। এখন সব দায়িত্ব এই ক্রিকেটারদের ওপরই, তাদের ঘুরে দাঁড়াতে হবে এবং টানা দুটি ম্যাচে দাপুটে পারফরম্যান্স দেখাতে হবে।
সেমিফাইনালে যেতে কী দরকার
এখন ভারতের সামনে সমীকরণ পরিষ্কার-বাকি দুই ম্যাচই জিততে হবে। সুপার এইটে তাদের পরের দুই ম্যাচের প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ে। দুই ম্যাচ জিতলে ভারতের পয়েন্ট হবে ৪, যা সাধারণত সেমিফাইনালের জন্য যথেষ্ট।
তবে জটিলতা তৈরি হতে পারে অন্য ফলাফলে। যদি দক্ষিণ আফ্রিকা তাদের বাকি দুই ম্যাচের একটি হারে এবং ওয়েস্ট ইন্ডিজ-জিম্বাবুয়ে ম্যাচের জয়ী দল দক্ষিণ আফ্রিকাকেও হারায়, তাহলে তিন দল ৪ পয়েন্টে সমান হতে পারে। সে ক্ষেত্রে নির্ধারক হবে নেট রানরেট। ভারতের জন্য সবচেয়ে সুবিধাজনক পরিস্থিতি হবে-দক্ষিণ আফ্রিকা বাকি দুই ম্যাচই জিতলে।
এক ম্যাচ জিতলে কী হবে
ভারত যদি দুই ম্যাচের একটিতে জেতে, তাহলে সমীকরণ আরও কঠিন হবে। সে ক্ষেত্রে দক্ষিণ আফ্রিকাকে সব ম্যাচ জিততে হবে এবং ভারতের একমাত্র জয় আসতে হবে ওয়েস্ট ইন্ডিজ-জিম্বাবুয়ে ম্যাচের বিজয়ীর বিপক্ষে। তখন তিন দল ২ পয়েন্টে সমান হলে আবারও হিসাব হবে নেট রানরেটে।
সব মিলিয়ে, শুধু হার নয়-বড় ব্যবধানে হারই ভারতের জন্য বড় সমস্যার কারণ হয়েছে। ফলে এখন তাদের অভিযান কার্যত ঝুলে আছে সূক্ষ্ম সমীকরণের ওপর।
