একসঙ্গে বের হয়ে এখনও বাড়ি ফেরেনি চার শিশু, উদ্বেগে পরিবার

হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের বিজয়নগর গ্রাম (বড়জ্বালা বিজিবি ক্যাম্প) এলাকা থেকে একসঙ্গে বের হয়ে এখনও বাড়ি ফেরেনি চার শিশু। চার শিশু নিখোঁজ হওয়ার তিন দিন পেরিয়ে গেলেও তাদের খোঁজ পাওয়া যায়নি। আর এতে করে নিখোঁজ শিশুদের পরিবারের সদস্যদের মধ্যে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।

নিখোঁজ শিশুরা হলো- উজেলার ধর্মঘর ইউনিয়নের বিজয়নগর গ্রামের মনির হোসেনের ছেলে খায়রুল ইসলাম (১১), আবুল কাশেমের ছেলে কুদ্দুস মিয়া (১০), সালেহ আহমেদের ছেলে অনিক মিয়া (১০) এবং রিপন মিয়া (১২)।

স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে চার শিশু নিজ নিজ বাড়ি থেকে বের হয়। এরপর তারা আর বাড়িতে ফিরে আসেনি। পরিবারের সদস্যরা আত্মীয় স্বজনসহ সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করেও তাদের সন্ধান পায়নি।

নিখোঁজদের স্বজনরা জানান, দীর্ঘ সময় ধরে তাদের কোনো সন্ধান না পাওয়ায় পরিবারের সবাই উদ্বেগ-উৎকণ্ঠায় রয়েছেন। আত্মীয়-স্বজন, পরিচিতজন ও স্থানীয় বিভিন্ন স্থানে খোঁজ নেওয়া হলেও এখন পর্যন্ত তাদের কোনো তথ্য পাওয়া যায়নি।

এ বিষয়ে মাধবপুর থানার ওসি সোহেল রানা জানান, নিখোঁজ শিশুদের পরিবারের পক্ষ থেকে থানায় এখনও কোনো সাধারণ ডায়েরি (জিডি) করা হয়নি। তবে আমি স্থানীয়ভাবে খোঁজ নিয়ে জেনেছি তারা গ্রামের একটি মুরগি চুরি করে খেয়ে ফেলেছে। বিষয়টি জানাজানি হলে বিচার হওয়ার ভয়ে তারা হয়তো কোথাও পালিয়ে গেছে। তবে পুলিশ তাদের উদ্ধারে চেষ্টা চালিয়ে যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights