একুশের বইমেলা হঠাৎ ছন্দপতন

মোস্তফা মতিহার

শুক্র ও শনিবার টানা দুই দিনের চিরচেনা রূপ থেকে বেরিয়ে গতকাল কর্মমুখর দিনে একুশের বইমেলায় ঘটেছে ছন্দপতন। এদিন, দুপুর ২টার মেলার প্রবেশদ্বার উন্মোচনের পর থেকে সন্ধ্যার আগ পর্যন্ত অলস সময় কাটিয়েছেন বিভিন্ন স্টলের বিক্রয়কর্মীরা। ছিমছাম মেলাজুড়ে ছিল সুনসান নীরবতা। তবে, ইফতারের পর লোকজনের আনাগোনা বেড়ে যায়। এ সময়টাতে লোকজনের আনাগোনা বাড়লেও বিক্রি খুব একটা বাড়েনি।

পুথিপ্রকাশের স্বত্বাধিকারী সুজন বিশ্বাস বলেন, করোনাকালীন মেলাতেও এত দুরবস্থা দেখিনি। করোনার সময় নানা ধরনের বিধিনিষেধ সত্ত্বেও পাঠকদের উপস্থিতি ছিল আশাব্যঞ্জক। এবার রমজানের মেলা আমাদেরকে পথে বসিয়ে দিয়েছে। নিয়ম রক্ষার এই মেলায় আমরা আর্থিকভাবে এতটা ক্ষতিগ্রস্ত হব সেটা স্বপ্নেও ভাবিনি।

রাজধানীর মোহাম্মদপুর থেকে আগত সিভিল ইঞ্জিনিয়ার সোহেল রানা বলেন, এবারের মেলা আমাকে হতাশ করেছে।

সাংবাদিক সেলিম আহমেদের বই ‘১৯৪৭ : কাঁটাতারে বিভক্ত সিলেট’

কথক প্রকাশনী থেকে এবারের মেলায় এসেছে সাংবাদিক সেলিম আহমেদের বই ‘১৯৪৭ : কাঁটাতারে বিভক্ত সিলেট’। বইটি পাওয়া যাচ্ছে মেলার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে টাঙ্গন প্রকাশনীর ৫১৮ নম্বর স্টলে। বইটির মুদ্রিত মূল্য ৩০০ টাকা। তবে ২৫ শতাংশ ছাড়ে ২২৫ টাকায় মেলায় পাওয়া যাচ্ছে বইটি। বইটির প্রচ্ছদ এঁকেছেন নন্দিত শিল্পী ধ্রুব এষ।

আরিফ মজুমদারের দুই বই : অমর একুশে বইমেলায় সাংবাদিক আরিফ মজুমদারের দুটি বই এর মধ্যে অনন্যা থেকে বের হয়েছে-‘হাউ টু উইন : জয়ী হওয়ার ৩৬ চৈনিক গল্পকৌশল’ এবং আস্থা পাবলিকেশন থেকে এসেছে ‘ভালোবাসেনি কথা রাখেনি’।

নতুন বই : বাংলা একাডেমির জনসংযোগ উপবিভাগ থেকে প্রাপ্ত তথ্যমতে, গতকাল একুশে বইমেলার এগারোতম দিনে নতুন বই এসেছে ৭৫টি। আর গত এগারো দিনে মোট নতুন বই এসেছে ৮৩৩টি।

মূল মঞ্চ : বিকাল ৩টায় বইমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হয় ‘আসাদ চৌধুরী’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান। এতে প্রবন্ধ উপস্থাপন করেন কুদরত-ই-হুদা। আলোচনায় অংশ নেন সৈকত হাবিব। সভাপতিত্ব করেন সৈয়দ আজিজুল হক। আলোচনা পরবর্তী সাংস্কৃতিক অনুষ্ঠানে কবিতা পাঠ করেন রহিমা আখতার কল্পনা। আবৃত্তি করেন আলো আরজুমান বানু, ফারজানা এ্যালি। সংগীত পরিবেশন করেন কল্যাণী ঘোষ, মোসা. নিপা আক্তার, জাকিয়া সুলতানা স্বর্ণলতা, আরিমা তাবাসসুম, সাধিকা সৃজনী তানিয়া, দিপু সমাদ্দার, মমতা দাসী এবং তাপসী রায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights