এপস্টেইনকাণ্ডে মুখ খুললেন মেলানিয়া ট্রাম্প

অনলাইন ডেস্ক

দীর্ঘদিনের বিতর্কের পর এপস্টেইনকাণ্ড নিয়ে প্রকাশ্যে নিজের অবস্থান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। তিনি স্পষ্ট করে বলেছেন, দণ্ডিত যৌন অপরাধী জেফ্রি এপস্টেইনের সঙ্গে তার কোনো সম্পর্ক ছিল না এবং তার অপরাধ সম্পর্কে তিনি কিছুই জানতেন না।

বৃহস্পতিবার টিআরটি ওয়ার্ল্ডের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। হোয়াইট হাউসে দেওয়া এক বিরল বক্তব্যে মেলানিয়া বলেন, তার সঙ্গে এপস্টেইনের নাম জড়িয়ে যে মিথ্যা প্রচার চলছে, তা বন্ধ হওয়া উচিত।

তিনি বলেন, যারা এ ধরনের তথ্য ছড়াচ্ছেন, তাদের নৈতিকতা ও সম্মানের অভাব রয়েছে। তবে তিনি নির্দিষ্ট কোনো অভিযোগের কথা উল্লেখ করেননি।

মেলানিয়া ট্রাম্প জানান, তিনি তার স্বামী ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পরিচিত হন এপস্টেইনের সঙ্গে পরিচয়ের দুই বছর আগে। তিনি বলেন, তিনি এপস্টেইনের ভিকটিম নন এবং এপস্টেইন তাকে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পরিচয় করিয়ে দেননি।

তিনি আরও অভিযোগ করেন, সামাজিক মাধ্যমে দীর্ঘদিন ধরে তার ও এপস্টেইনকে ঘিরে ভুয়া ছবি ও তথ্য ছড়ানো হচ্ছে।

উল্লেখ্য, ২০১৯ সালে কারাগারে মৃত্যুর আগে জেফ্রি এপস্টেইন অপ্রাপ্তবয়স্কদের পাচার ও যৌন নির্যাতনের অভিযোগে বিচারের অপেক্ষায় ছিলেন। তার মৃত্যুর পরও এই কেলেঙ্কারি যুক্তরাষ্ট্রের রাজনীতিতে আলোচিত বিষয় হিসেবে রয়ে গেছে।

টিআরটি ওয়ার্ল্ডের প্রতিবেদনে বলা হয়, এর আগে প্রকাশিত কিছু নথিতে ডোনাল্ড ট্রাম্প, মেলানিয়া ট্রাম্পকে ফ্লোরিডার মার এ লাগো রিসোর্টে এপস্টেইন, ঘিসলেইন ম্যাক্সওয়েলের সঙ্গে দেখা গেছে। তবে মেলানিয়া আবারও জোর দিয়ে বলেন, তিনি কখনো এপস্টেইনের কোনো অপরাধে জড়িত ছিলেন না, তার বিমানে ওঠেননি বা ব্যক্তিগত দ্বীপে যাননি।

সূত্র: টিআরটি ওয়ার্ল্ড

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights