এবার কি মাইন হামলার দিকে যাচ্ছে ইরান?
অনলাইন ডেস্ক
পারস্য উপসাগরকে ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। ইরানের শীর্ষ সামরিক ও নিরাপত্তা কর্মকর্তারা সতর্ক করে বলেছেন, দেশটির উপকূল বা দ্বীপে কোনো ধরনের হামলা হলে উপসাগরের গুরুত্বপূর্ণ যোগাযোগপথগুলোতে মাইন স্থাপন করা হবে।
ইরানের ন্যাশনাল ডিফেন্স কাউন্সিল এক বিবৃতিতে জানিয়েছে, ইরানের উপকূল বা দ্বীপে আঘাত হানার যেকোনো চেষ্টা হলে পারস্য উপসাগরের সব যোগাযোগ লাইন মাইন দিয়ে বন্ধ করে দেওয়া হবে। যুদ্ধের সঙ্গে জড়িত নয়— এমন দেশগুলোকে প্রণালী দিয়ে চলাচলের জন্য ইরানের সঙ্গে সমন্বয় করতে হবে।
গত ২৪ ঘণ্টায় ইরানি কর্মকর্তারা বিশেষ করে দেশটির বিদ্যুৎকেন্দ্রগুলোর ওপর সম্ভাব্য হামলার বিষয়ে কঠোর সতর্কতা দিয়েছেন। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়েছেন, তেহরান যদি হরমুজ প্রণালী খুলে না দেয়, তাহলে তিনি এমন হামলা চালাতে পারেন।
এছাড়া ট্রাম্প ইরানের গুরুত্বপূর্ণ তেল রপ্তানি কেন্দ্র দখলের বিষয়টিও বিবেচনা করছেন বলে জানা গেছে। ইরানের উত্তর পারস্য উপসাগরে অবস্থিত এই দ্বীপটি দেশটির উপকূল থেকে প্রায় ২৪ কিলোমিটার দূরে। এখানে থাকা তেল সংরক্ষণ ট্যাংক ও পাম্পিং স্থাপনার মাধ্যমে ইরানের প্রায় ৯০ শতাংশ তেল রপ্তানি পরিচালিত হয়।
সূত্র : আল-জাজিরা।
