এবিজি ইউনিভার্সিটি কাপে ব্র্যাকের বিরুদ্ধে ১০৭ রানের বিশাল জয় স্কলার্সের
অনলাইন ডেস্ক
এবিজি ইউনিভার্সিটি কাপে ব্র্যাক ইউনিভার্সিটিকে ১০৭ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে ইউনিভার্সিটি অব স্কলার্স।
সোমবার আনভীর ক্রিকেট স্টেডিয়ামে স্কলার্সের ২১৬ রানের বিশাল চাপ সইতে না পেরে ১০৮ রানে গুটিয়ে যায় ব্র্যাক। এই সংগ্রহটাও পেতো না তারা। যদি না সপ্তম উইকেটে ৬১ রানের জুটি না গড়তেন দেবজ্যোতি ও রোহান।
দুজনের বাইরে আর একজনই শুধু দুই অংকের ঘর স্পর্শ করেছেন।
তিনে নেমে ১৬ রানের ইনিংস খেলা তাজওয়ার। বিপরীতে দলের হয়ে সর্বোচ্চ ৩২ রান করেছেন দেবজ্যোতি। অন্যদিকে দ্বিতীয় সর্বোচ্চ ২৯ রান করেন রোহান। দুজনই রান আউটের কাঁটায় না পড়লে হারের ব্যবধান আরেকটু কমাতে পারতেন।
এর আগে রান তাড়া করতে নেমে দলীয় ৩৯ রানে ৬ উইকেট হারিয়ে ধ্বংসস্তূপে পরিণত হয় ব্র্যাকের ইনিংস। স্কলার্সের হয়ে সর্বোচ্চ ২ উইকেট নিয়েছেন মেহেদী।
অন্যদিকে টস হেরে ব্যাটিংয়ে নেমে নিজেদের ইনিংসে ঝড় তোলেন স্কলার্সের দুই ওপেনার আকাশ ও রাকিব আহমেদ। দুজনে মিলে উদ্বোধনী জুটিতে ৬.৫ ওভারে ৯৭ রান তোলেন।
ব্র্যাকের বোলারদের তুলোধুনো করে সর্বোচ্চ ৭২ রান করেন আকাশ।
২৫৭.১৪ স্ট্রাইকরেটের ইনিংসটি সাজান ৬ চার ও ৭ ছক্কায়। বিপরীতে তার সঙ্গী রাকিব খেলেন ৬৩ রানের ইনিংস। ৪০ বলের ইনিংসটি সাজিয়েছেন ২ চার ও ৫ ছক্কায়। দুজনের ফিফটিতে নির্ধারিত ২০ ওভার শেষে ৬ উইকেটে ২১৫ রানের সংগ্রহ পায় স্কলার্স। ব্র্যাকের হয়ে ২টি করে উইকেট নিয়েছেন দেবজ্যোতি ও নাফিস।
