এশিয়ান গেমসে নাকভির কাছ থেকে ভারতের পদক গ্রহণের সম্ভাবনা

অনলাইন ডেস্ক

প্রায় এক বছর ধরে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসিসি সভাপতি মহসিন নাকভির কাছ থেকে ট্রফি নেয়নি ভারত। সম্প্রীতি অষ্টমবারের মতো নারী এশিয়া কাপের শিরোপ জিতে পদক ও ট্রফি বিতরণে অংশ নেয় হারমানপ্রীত কৌরের দল। তবে অলিম্পিক কাউন্সিল অফ এশিয়া (ওসিএ) যদি মহসিন নাকভিকে পদক প্রদানের দায়িত্ব দেয়, তবে ভারতের পুরুষ ও নারী ক্রিকেট দলকে তার হাত থেকেই এশিয়ান গেমসের পদক গ্রহণ করতে হতে পারে।

‘টাইমস অফ ইন্ডিয়া’-র প্রতিবেদন অনুযায়ী, আনুষ্ঠানিক পদক প্রদান অনুষ্ঠানে অংশ নিতে অস্বীকার করলে দেশটিকে শাস্তিমূলক ব্যবস্থার মুখে পড়তে হতে পারে। ভারত বর্তমানে পুরুষ ও নারী উভয় বিভাগেই এশিয়া কাপের বর্তমান চ্যাম্পিয়ন। তবে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভাপতি এবং পাকিস্তান সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভিকে কেন্দ্র করে পদক বা ট্রফি প্রদান নিয়ে সাম্প্রতিক বিতর্কের জেরে কোনো দলই এখনও তাদের পুরস্কার বা পদক হাতে পায়নি।

আইচি-নাগোয়ায় অনুষ্ঠিত এশিয়ান গেমসে ভারতের পুরুষ ও নারী ক্রিকেট দল স্বর্ণপদক জয়ের অন্যতম দাবিদার হিসেবেই অংশ নেবে। তবে এই মুহূর্তে বিসিসিআই কেবল ম্যাচের দিকেই নজর দিচ্ছে; মহসিন নাকভির মাধ্যমে পদক প্রদানের বিষয়টি নিয়ে তারা এখনই কোনো সিদ্ধান্ত নিচ্ছে না। বিসিসিআই-এর সচিব দেবজিৎ সাইকিয়া জানিয়েছেন, কোনো দল পদক জয়ের মঞ্চে (পোডিয়ামে) পৌঁছালেই কেবল বোর্ড পরিস্থিতি বিবেচনা করবে। তিনি উল্লেখ করেন, অনুষ্ঠানটি এখনও ঘটেইনি তা নিয়ে আলোচনার চেয়ে টুর্নামেন্টে ভালো পারফর্ম করাই এখন তাদের কাছে অগ্রাধিকার পাচ্ছে।

সাইকিয়া ‘টাইমস অফ ইন্ডিয়া’-কে বলেন, আমরা কেবল ম্যাচের ওপরই মনোযোগ দিচ্ছি। দলগুলোকে আগে পদক জয়ের মঞ্চে পৌঁছাতে হবে। তখন পরিস্থিতি বিবেচনা করে আমরা সিদ্ধান্ত নেব। তিনি আরও যোগ করেন, সময় এলে তখন সেই বিষয়টি দেখা যাবে। বোর্ড এবং ক্রিকেটারদের মূল লক্ষ্য হলো ম্যাচ জেতা। যা এখনও ঘটেইনি, তা নিয়ে আমরা কোনো মন্তব্য করতে চাই না।

এশিয়ান গেমসে কারা পদক প্রদান করবেন, তা নির্ধারিত হয় ওসিএ-র ৬৬ নম্বর নিয়ম অনুযায়ী। এশিয়ান গেমসের পদক প্রদান বা বিজয়ীদের সম্মাননা অনুষ্ঠানে কারা পদক তুলে দেবেন, সেই সিদ্ধান্ত নেয় অলিম্পিক কাউন্সিল অফ এশিয়া (ওসিএ)। ওসিএ-র সংবিধান ও বিধিমালার ৬৬ নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে, বিজয়ীদের হাতে পদক তুলে দেবেন ওসিএ-র সভাপতি।

তবে একই নিয়মে ওসিএ সভাপতি চাইলে এই দায়িত্ব অন্য কোনো ওসিএ সদস্যের ওপর অর্পণ করতে পারেন। মনোনীত সদস্যকে অবশ্যই সংশ্লিষ্ট আন্তর্জাতিক বা এশীয় ক্রীড়া ফেডারেশনের সভাপতি বা সহ-সভাপতির উপস্থিতিতে এই দায়িত্ব পালন করতে হবে। ওসিএ যদি নাকভিকে এই দায়িত্ব অর্পণ করে, তবে তিনি এই অনুষ্ঠানে যুক্ত হতে পারেন। ৬৬ নম্বর নিয়মে অনুষ্ঠানের সময় পালনীয় আচরণবিধিও উল্লেখ করা হয়েছে।

এতে বলা হয়েছে, বিজয়ীদের সম্মাননা অনুষ্ঠান চলাকালে কোনো ধরনের বাণিজ্যিক, রাজনৈতিক, ধর্মীয় বা জাতিগত প্রচার চালানো যাবে না। তাই আশা করা হচ্ছে, ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন (আইওএ) বিষয়টিকে নিছক দ্বিপাক্ষিক ক্রিকেটীয় ঘটনা হিসেবে না দেখে ওসিএ-র নির্ধারিত অনুষ্ঠান-প্রোটোকল মেনে চলবে। পদক প্রদানকারীর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ওসিএ-ই গ্রহণ করবে।

এশিয়ান গেমসের অনুষ্ঠানের প্রেক্ষাপটে ভারতের এশিয়া কাপ ট্রফি সংক্রান্ত বিতর্কের বিষয়টিও প্রাসঙ্গিক হয়ে উঠেছে। সাম্প্রতিক এশিয়া কাপ টুর্নামেন্টগুলোতে নাকভিকে কেন্দ্র করে পদক প্রদান নিয়ে অনুরূপ বিতর্কের ঘটনার পরই এশিয়ান গেমসের এই বিষয়টি সামনে এসেছে।

ফাইনাল শেষে নাকভি শ্রীলঙ্কার অধিনায়ক চামারি আথাপাত্তুর হাতে রানার্স-আপ পদক ও পুরস্কারের চেক তুলে দেন। তবে সেই অনুষ্ঠানে ভারতীয় দল চ্যাম্পিয়ন ট্রফিটি গ্রহণ করেনি। ২০২৫ সালে একই ভেন্যুতে পুরুষদের এশিয়া কাপ ফাইনালের পরেও অনুরূপ পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। ফাইনালে সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন ভারত পাকিস্তানকে পরাজিত করলেও নাকভির হাত থেকে বিজয়ী দলের ট্রফি গ্রহণ করেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights