এশিয়ান গেমসেও ভারতকে চাপে ফেলতে চান হেসন
অনলাইন ডেস্ক
টেস্টে নড়বড়ে পারফরম্যান্স থাকলেও টি-টোয়েন্টি ফরম্যাটে তুলনামূলকভাবে ভালো করছে পাকিস্তান। সবশেষ এশিয়া কাপে ফাইনাল পর্যন্ত উঠেছিল তারা। বাংলাদেশকে হারিয়ে শিরোপার লড়াইয়ে জায়গা করে নেয় পাকিস্তান। ফাইনালে ভারতের বিপক্ষে জয়ের খুব কাছাকাছি গিয়েও শেষ পর্যন্ত হেরে রানার্সআপ হয়েই সন্তুষ্ট থাকতে হয় দলটিকে।
এর বাইরেও দ্বিপাক্ষিক সিরিজে ভালো ফল আছে পাকিস্তানের। সাহিবজাদা ফারহানসহ সাদা বলের দলে বেশ কিছু বিশেষজ্ঞ ক্রিকেটারও পেয়েছে পাকিস্তান। পিএসএলসহ বিভিন্ন লিগে যাদের পারফরম্যান্সও আশা জাগানিয়া। সেই আশাতে ভর করেই টি-টোয়েন্টিতে দিন বদলের আশাতে পাকিস্তানের প্রধান কোচ মাইক হেসন। আসন্ন এশিয়ান গেমসে উন্নতির ধারা বজায় রাখতে চান তিনি।
ভারতকে মানদণ্ড ধরে আপাতত সেই পর্যায়ে দলকে নিয়ে যেতে চান পাকিস্তানের প্রধান কোচ মাইক হেসন। সম্প্রতি হেসন বলেছেন, ‘এই মুহূর্তে সাদা বলের ক্রিকেটে ভারতই আমাদের জন্য মানদণ্ড। আমাদের চ্যালেঞ্জ হলো তাদের পর্যায়ে পৌঁছানো। আমরা নিজেদের সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছি। যদি ভারতের বিপক্ষে খেলার সুযোগ পাই, তাহলে অবশ্যই তাদের চাপে ফেলতে চাই। এশিয়া কাপের ফাইনালে আমরা যেমনটা করতে পেরেছিলাম। তবে দুই দলেরই ফাইনালে ওঠার আগে এখনো অনেক ক্রিকেট খেলা বাকি। তাই আমরা নিজেদের খুব বেশি সামনে এগিয়ে নিয়ে ভাবছি না।’
টেস্টের পারফরম্যান্স নাজুক বিষয়টি মেনে নিচ্ছেন হেসন। তবে টি-টোয়েন্টিতে নিজেদের পারফরম্যান্সের বিষয়টিও মনে করিয়ে দিয়েছেন তিনি। হেসন জানিয়েছেন, ‘টেস্ট দল সংগ্রাম করছে এবং আমরা সবাই বিষয়টি সম্পর্কে ভালোভাবেই অবগত। কিন্তু গত ১৫ মাসে টি-টোয়েন্টি দলের জয়ের হার বিবেচনায় বিশ্বে আমরা তৃতীয় অথবা চতুর্থ সেরা। আমরা একাধিকবার ভারতের কাছে হেরেছি এবং আমরা বুঝতে পারি, পাকিস্তানের সব দলের জন্যই ভারতই মানদণ্ড। কিন্তু টি-টোয়েন্টি দল খারাপ অবস্থায় আছে, এমনটা বলা ঠিক হবে না।’
হেসন আরও বলেছেন, ‘আমি দায়িত্ব নেওয়ার সময় টি-টোয়েন্টিতে আমরা বিশ্বে অষ্টম স্থানে ছিলাম। এখন পঞ্চম (আসলে ষষ্ঠ) স্থানে উঠে এসেছি। আমরা ৩০ রেটিং পয়েন্ট এগিয়েছি, যা কেবল সিরিজ জয়ের মাধ্যমেই সম্ভব হয়েছে। আমরা শুধু পাকিস্তানেই নয়, দুবাই ও যুক্তরাষ্ট্রেও সিরিজ জিতেছি। গত ১৫ মাসে টি-টোয়েন্টিতে আমরা অনেক সিরিজ জিতেছি। তাই তিন ফরম্যাটের ফর্মকে একসঙ্গে বিবেচনা করা ঠিক হবে বলে আমি মনে করি না।’
পারফরম্যান্সে কিছু উন্নতি এসেছে। তবে আরও উন্নতি দেখতে চান পাকিস্তানের প্রধান কোচ। মাইক হেসন বলেছেন, ‘ফলে টেস্ট ক্রিকেটে আমরা সংগ্রাম করছি এবং ওয়ানডেতে বিশ্বকাপ সামনে রেখে নিজেদের গড়ে তুলছি। গত ১২ মাসে আমাদের পারফরম্যান্সে অবশ্যই উন্নতি হয়েছে। তবে আমরা কোনোভাবেই এখনও পরিপূর্ণ দল হয়ে উঠিনি।’
এশিয়ান গেমসে সরাসরি কোয়ার্টার ফাইনালে খেলবে পাকিস্তান, ভারত, বাংলাদেশ এবং শ্রীলঙ্কা। সাহিবজাদা ফারহানের নেতৃত্বে কিছুটা তরুণ দল ঘোষণা করেছে পাকিস্তান।
পাকিস্তানের এশিয়ান গেমসের স্কোয়াড:
সাহিবজাদা ফারহান (অধিনায়ক), আবদুল সামাদ (সহ-অধিনায়ক), আবরার আহমেদ, আহমেদ দানিয়াল, আকিফ জাভেদ, আলি রাজা, আরাফাত মিনহাস, হায়দার আলী, হাসান নওয়াজ, মাজ সাদাকাত, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, সাদ মাসুদ, সাইম আইয়ুব, সুফিয়ান মুকিম ও উসমান খান (উইকেটরক্ষক)।
