ওয়াংখেড়েতে মুম্বাই-কলকাতার লড়াই, এগিয়ে কে?

স্পোর্টস ডেস্ক

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হতে চলেছে পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স এবং তিনবারের শিরোপাজয়ী কলকাতা নাইট রাইডার্স। রেকর্ড বলছে, কলকাতার বিপক্ষে পরিসংখ্যানে বরাবরই এগিয়ে মুম্বাই। তবে এবার প্রেক্ষাপট ভিন্ন। একদিকে নতুন অধিনায়ক হার্দিক পান্ডিয়ার অধীনে নিজেদের হারানো দাপট ফিরে পাওয়ার লড়াই মুম্বাইয়ের, অন্যদিকে আজিঙ্কা রাহানের নেতৃত্বে কলকাতার নতুন সূর্যোদয়।

বিশ্বজয়ী অধিনায়ক সূর্যকুমার যাদব দলে থাকা সত্ত্বেও মুম্বাই ম্যানেজমেন্ট আস্থা রেখেছে হার্দিক পান্ডিয়ার ওপর। গত কয়েক বছরে মৌসুমের প্রথম ম্যাচ হারার রেকর্ড রয়েছে মুম্বাইয়ের, ঘরের মাঠে কলকাতাকে হারিয়ে তা মুছে ফেলতে মরিয়া হার্দিকরা। অন্যদিকে, কলকাতার অধিনায়ক রাহানের কাছে এই ম্যাচটি অন্যরকম আবেগের, কারণ নিজের শহরেই এবার তিনি প্রতিপক্ষ শিবিরের সেনাপতি।

ম্যাচের আগে কলকাতা শিবিরে চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে চোট। শ্রীলঙ্কান পেসার মাথিসা পাথিরানা চোটের কারণে ছিটকে যাওয়ায় প্রথম একাদশে চার বিদেশি বেছে নেওয়া কঠিন হয়ে পড়েছে। ব্যাটিং শক্তিশালী করতে কিউয়ি জুটি ফিন অ্যালেন ও টিম সেইফার্টকে ওপেনিংয়ে পাঠিয়ে রাহানেকে তিনে নামানোর কথা ভাবছে টিম ম্যানেজমেন্ট। সেক্ষেত্রে বাকি দুই বিদেশি হতে পারেন ক্যামেরন গ্রিন ও মিস্ট্রি স্পিনার সুনীল নারিন।

আবার বিকল্প ভাবনা হিসেবে রাহানে ও অ্যালেন ওপেন করলে মাঝপথে দেখা যেতে পারে রিঙ্কু সিং, রামনদীপ সিং এবং অঙ্গকৃশ রঘুবংশীদের। সেক্ষেত্রে ক্যারিবীয় পাওয়ার-হিটার রোভম্যান পাওয়েল অথবা জিম্বাবুয়ের পেসার ব্লেসিং মুজারাবানির অভিষেক হতে পারে। ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে উমরান মালিক বা কার্তিক তাগিকে ব্যবহারের সুযোগ থাকছে।

অপরদিকে, রোহিত শর্মার সঙ্গে ওপেনিংয়ে কে নামবেন? তা নিয়ে লড়াই দুই প্রোটিয়া উইকেটকিপার কুইন্টন ডি কক ও রায়ান রিকেলটনের মধ্যে। মিডল অর্ডারে সূর্যকুমার যাদব ও তিলক ভার্মার মতো ম্যাচ উইনারদের পর হার্দিক নিজে হাল ধরবেন। অলরাউন্ডার হিসেবে উইল জ্যাকস বা মিচেল স্যান্টনারের খেলার সম্ভাবনা প্রবল। বোলিং বিভাগে জাসপ্রিত বুমরা ও ট্রেন্ট বোল্টের সাথে দেখা যেতে পারে শার্দূল ঠাকুর বা দীপক চাহারের একজনকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights