ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াডে পঞ্চম বাংলাদেশ

শনিবারের সকাল ডেস্ক
ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াড ২০২৩-এ পঞ্চম স্থান অর্জন করেছে বাংলাদেশের টিম ‘রোবনিয়াম বাংলাদেশ’। ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ, রংপুরের ইসরাফিল শাহীন অরণ্য, সানিডেলের কাজী মোস্তাহিদ লাবিব ও তাফসীর তাহরীমের টিম ফিউচার ইনোভেটরস (সিনিয়র) ক্যাটাগরিতে প্রতিযোগিতা করে সেরাদের মধ্যে পঞ্চম স্থান অর্জন করেছে। অলাভজনক ও স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। উত্তর আমেরিকার পানামায় গত ৭ নভেম্বর থেকে শুরু হওয়া অলিম্পিয়াডের তিন দিনব্যাপী ২০তম আসরে ৭৭ দেশের ৪৫১টি দল মূল প্রতিযোগিতায় অংশ নেয়।

জানা যায়, ফিউচার ইঞ্জিনিয়ার্স ক্যাটাগরিতে অংশ নিয়ে সেরাদের মধ্যে ১১তম স্থান অর্জন করেছে নটর ডেম কলেজের আবু নাফিস মোহাম্মদ নূর রোহান এবং মির্জাপুর ক্যাডেট কলেজের মাহির তাজওয়ার চৌধুরীর টিম ‘মেকাস্ক্র্যাচ-৪০৪’। পাশাপাশি নটর ডেম কলেজের চৌধুরী মুহাম্মদ মিনহাতুল্লাহ, কৃষি বিশ্ববিদ্যালয় কলেজের আতিকা বিনতে আমিন এবং উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের হাসিবুজ্জামান ভূঁইয়ার টিম ‘বাইট ব্যানডিটস’ ফিউচার ইনোভেটরস (সিনিয়র) ক্যাটাগরিতে অংশ নিয়ে সেরাদের মধ্যে ১৬তম স্থান অর্জন করেছে। এ বছরের এ অর্জন আগামীতে বাংলাদেশের শিক্ষার্থীদের এই আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিতে আরও অনেক বেশি উৎসাহিত করবে বলে বিশ্বাস আয়োজকদের।

ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াডে বাংলাদেশ থেকে এ বছর বিচারক হিসেবে নির্বাচিত হন স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির স্নাতক শিক্ষার্থী সাজ্জাদ ইসলাম। এবার বাংলাদেশের দলগুলোর দলনেতা হিসেবে ছিলেন-রেদওয়ান ফেরদৌস এবং উপ-দলনেতা হিসেবে মাহেরুল আজম কোরেশী।
এ ছাড়া টিম ‘মেকাস্ক্র্যাচ-৪০৪’ এর কোচ হিসেবে ছিলেন তওসিফ সামিন। এর আগে গত সেপ্টেম্বরে রাজধানীর জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি কমপ্লেক্সে অনুষ্ঠিত হয় ‘ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াড বাংলাদেশ’-এর জাতীয় পর্ব। এ পর্বের পৃষ্ঠপোষক ছিল অগমেডিক্স বাংলাদেশ এবং কম্পিউটার সার্ভিস লিমিটেড। যুক্তরাষ্ট্রের হাস সেন্টার ফর পাবলিক সার্ভিস অ্যাট স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির সহযোগিতায় বাংলাদেশে অলিম্পিয়াডটি আয়োজন করে ন্যাশনাল মিউজিয়াম অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি ও বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক। বিজয়ীদের মধ্য থেকে সেরা শিক্ষার্থী নির্বাচন করে ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াডের জন্য বাংলাদেশ দল গঠন করা হয়। তিনটি দলের মোট আটজন প্রতিযোগী এ বছর আন্তর্জাতিক এই প্রতিযোগিতায় অংশ নেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights