ওসিসহ নয়জনের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

দুদকের সাবেক উপপরিচালক ছৈয়দ মোহাম্মদ শহীদুল্লাহর মৃত্যুর ঘটনায় চান্দগাঁও থানার ওসিসহ নয়জনের বিরুদ্ধে মামলা রেকর্ডের নির্দেশ দিয়েছেন আদালত। মামলার অভিযুক্তরা হলেন- চান্দগাঁও থানার ওসি খাইরুল ইসলাম, ওসি (তদন্ত) মো. মবিনুল হক, এএসআই মো. ইউসুফ, এএসআই সোহেল রানা, চান্দগাঁও থানা এলাকার বাসিন্দা এস এম আসাদুজ্জামান, মো. জসীম উদ্দীন, মো. লিটন, রনি আক্তার তানিয়া ও কলি আক্তার। গতকাল সকালে শহীদুল্লাহর স্ত্রী ফৌজিয়া আনোয়ার আদালতে মামলার আবেদন করেন। বিকালে শুনানি শেষে চট্টগ্রাম মহানগর দায়রা জজ ড. বেগম জেবুননেছার আদালত মামলা রেকর্ডের নির্দেশ দেন।

মামলার বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট রেজাউল করিম চৌধুরী বলেন, সাবেক দুদক কর্মকর্তাকে নির্যাতন ও হেফাজতে মৃত্যু (নিবারণ) আইনে চান্দগাঁও থানার ওসি, পরিদর্শক (তদন্ত), এএসআইসহ নয়জনকে আসামি করে মামলার আবেদন করা হয়। আদালত শুনানি শেষে মামলাটি থানায় রেকর্ড করার জন্য নির্দেশ দেন। পাশাপাশি পুলিশ বু্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) চট্টগ্রাম মেট্রো ইউনিটকে তদন্তের নির্দেশ দেন। মামলার এজাহারে উল্লেখ করা হয়- ছৈয়দ মোহাম্মদ শহীদুল্লাহ ২০১৮ সালে দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক (ডিডি) পদ থেকে অবসর নেন। গত ২৯ আগস্ট ছৈয়দ মোহাম্মদ শহীদুল্লাহ ও তার শ্যালক মোহাম্মদ কায়সার আনোয়ারের বিরুদ্ধে আদালতে মামলা করেন রনি আক্তার তানিয়া নামে এক ব্যক্তি। আদালত মামলার শুনানি শেষে দুজনের বিরুদ্ধে সমন জারি করেন। ওই সমন সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী হারুন অর রশীদ গায়েব করে ফেলেন। ৩ অক্টোবর রাতে শহীদল্লাহকে বাসা থেকে আদালতের ওয়ারেন্ট দেখিয়ে গ্রেফতার করে নগরের চান্দগাঁও থানা পুলিশ। থানায় নেওয়ার পর যোগসাজশে ভুক্তভোগী শহীদুল্লাহকে নির্যাতন করেন। একপর্যায়ে কয়েক ঘণ্টার মধ্যে ছৈয়দ মোহাম্মদ শহীদুল্লাহর মৃত্যু হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights