কক্সবাজারে মাদক মামলার কারাদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার
কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজারে ৩ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেফতার করেছে র্যাব। র্যাব-১৫ এর সহকারী পরিচালক আ ম ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃত আসামি মো. করিম (৪৬) সদর উপজেলার খুরুশকুল ইউপির রুহুল্লার ডেইল এলাকার সিরাজুল করিমের ছেলে।
র্যাব জানায়, বুধবার রাত ১টায় কক্সবাজার সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার জেলার পৌরসভাধীন লাইট হাউজ রোডস্থ এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় ৩ বছরের সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডপ্রাপ্ত পলাতক মাদক মামলার এক আসামি গ্রেফতার করে র্যাব।
মামলা সূত্রে জানা যায়, আসামির বিরুদ্ধে বান্দরবানের আলীকদম থানায় মাদক মামলা রয়েছে। বিজ্ঞ আদালত কর্তৃক উক্ত মামলায় তাকে ৩ (তিন) বছরের সশ্রম কারাদণ্ড এবং পাঁচ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। পাশাপাশি অর্থদণ্ড অনাদায়ে আরও ১ (এক) মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়। রায় ঘোষণার পর থেকেই সে আত্মগোপনে ছিল।
র্যাব আরও জানায়, গ্রেফতারকৃত সাজাপ্রাপ্ত আসামির বিরুদ্ধে পরবর্তী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
